কলকাতা – রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। সূত্রের খবর, রাজ্যপালের উদ্দেশে একটি ই-মেইল পাঠানো হয়, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল— “Will blast him”। হুমকিমূলক এই মেইল সামনে আসতেই তৎপর হয় প্রশাসন। রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এবং ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাজ্যপাল কতটা নিরাপদ? তবে সেই সব আশঙ্কা উড়িয়ে দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই জানিয়েছেন, তিনি একেবারেই ভীত নন। বরং নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।
এ দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন,
“আমি প্রস্তাব দিয়েছিলাম নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় ঘুরবো। কিন্তু আমার নিরাপত্তারক্ষীরা তাঁদের কর্তব্যের স্বার্থে আমাকে অনুমতি দেননি।”
তিনি আরও বলেন, কলকাতার মানুষই তাঁর আসল নিরাপত্তা। শহরের মানুষের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁর কিছু হবে না বলেও দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন রাজ্যপাল। উল্লেখ্য, বর্তমানে রাজ্যপাল জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।
আরো পড়ুন : পাথর ছোড়া ও সংঘর্ষে থমথমে তুর্কমান গেট, ১০০-র বেশি ভিডিও খতিয়ে দেখছে পুলিশ।
শুক্রবারের হুমকির ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বিষয়টি নিয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন,
“আমি এই বিষয়ে ঢুকতে চাই না। এটা সম্পূর্ণ জুডিশিয়াল ম্যাটার। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া একটি ক্রিমিনাল অফেন্স। কোনও সংবিধানিক কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তিকে বাধা দিলে তাঁর পদে থাকার অধিকার থাকে না।”
পাশাপাশি তিনি স্পষ্ট করেন, পদমর্যাদা যাই হোক না কেন, প্রত্যেককেই নিজের দায়িত্ব পালনে দায়বদ্ধ থাকতে হবে।
প্রসঙ্গত, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সেই সাক্ষাতে রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে একটি ইস্তেহার তুলে ধরেন বলে জানা গিয়েছে। যদিও রাজ্যপালের দাবি, এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে গত কয়েক বছরে তিনি যা দেখেছেন ও বুঝেছেন, সেটাই রাষ্ট্রপতির সামনে তুলে ধরেছেন।
আরো পড়ুন : বাংলায় কথা বলার ‘অপরাধে’ প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের।
সব মিলিয়ে, খুনের হুমকির মতো গুরুতর ঘটনার মধ্যেও রাজ্যপালের নির্ভীক মনোভাব ও সাধারণ মানুষের উপর আস্থা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।