নিম্নচাপের টানা বৃষ্টিতে জলের তলায় পাকা ধান! ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দুই মেদিনীপুরের কৃষকেরা

একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপাকে কৃষকেরা। প্রবল বৃষ্টিতে আগেই ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন চাষিরা। ক্ষতি সামাল দিতে সার, কীটনাশক ও অন্যান্য খরচ করে দ্বিতীয়বার ধান রোপণ করেছিলেন তাঁরা। এবার ভালো ফলনের আশা দেখে কিছুটা স্বস্তি ফিরেছিল কৃষকদের মনে। কিন্তু ধান ঘরে তোলার ঠিক আগেই ফের বাধা হয়ে দাঁড়াল নিম্নচাপের টানা বৃষ্টি। জলের তলায় চলে যাচ্ছে পাকা ধান। ফলে নতুন করে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কৃষকদের।
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া, দাসপুর, ডেবরা, সবং, পিংলা, ঘাটাল-সহ বিস্তীর্ণ এলাকার কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় ইতিমধ্যেই হারভেস্টারের সাহায্যে ধান কাটার কাজ শুরু হয়েছিল। কিন্তু ধান ঘরে তোলার আগেই বৃষ্টির জলে ভেসে যাচ্ছে কাটা ধান। কোথাও আবার জমিতেই জল জমে থাকায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডেবরা ব্লকের খাজুরি, বিহারীচক, চকপ্রাণনাথ, চকপলমল, টাঙ্গাইশ্রী, জয়দেবপুর, বিক্রমপুর, মধুবনপুর ও শ্রীপুর-সহ বিভিন্ন মৌজায় জল জমে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে খাজুরি গ্রামের কৃষক নেপাল দোলই, বিশ্বনাথ দোলই, ভীম দোলই, রতন দোলই, অজিত দোলই ও মানু কাউরীদের হারভেস্টারে কাটা ধান জলের মধ্যে ভাসতে থাকে।
সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে জলে ভেসে যেতে দেখে কার্যত দিশেহারা হয়ে পড়েন কৃষকেরা। ঠিক সেই সময় তাঁদের পাশে দাঁড়ান সৎসঙ্গ বিহারের কর্মীরা। বৃষ্টিকে উপেক্ষা করেই ধান উদ্ধারের কাজে নেমে পড়েন তাঁরা। সৎসঙ্গী অনুপ দত্ত, অনুপ দোলই, বিশ্বনাথ সামন্ত, দেবাশীষ জানা-সহ বেশ কয়েকজন মিলে কৃষকদের কাটা ধান উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজে হাত লাগান।
জানা গিয়েছে, গোবিন্দ দোলই ও ভীম দোলইয়ের প্রায় দুই বিঘা জমির ধানও জলের মধ্যে ভাসতে থাকে। সৎসঙ্গের কর্মীদের সহযোগিতায় ধান ঘরে তুলতে পেরে কিছুটা স্বস্তি ফিরেছে অজিত, মানু ও নেপালদের মতো কৃষকদের মনে।
তবে ডেবরা ব্লকের চকপ্রয়াগ, বিহারীচক ও খাজুরি মৌজার কৃষকেরা সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় রয়েছেন। খাজুরি মৌজার কৃষক দিলীপ দাস জানান, প্রথমবার বৃষ্টির জলে ধান নষ্ট হয়ে যাওয়ার পর প্রায় ১০ হাজার টাকা খরচ করে দ্বিতীয়বার ধান রোপণ করেছিলেন তিনি। কিন্তু ধান কাটার মুখে ফের নিম্নচাপের টানা বৃষ্টি শুরু হওয়ায় এবার আদৌ ফসল ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়েই অনিশ্চয়তায় রয়েছেন।
একই আশঙ্কার কথা জানিয়েছেন কৃষক আশীষ মাজী, মনোরঞ্জন দাস ও সাগর সাউরাও। তাঁদের বক্তব্য, বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের খরচ বাড়ছে, অথচ ফসল ঘরে তোলার নিশ্চয়তা থাকছে না।
সব মিলিয়ে নিম্নচাপের টানা বৃষ্টিতে দুই মেদিনীপুরের বিস্তীর্ণ কৃষি এলাকায় তৈরি হয়েছে উদ্বেগের পরিস্থিতি। একদিকে জলের তলায় পাকা ধান, অন্যদিকে বাড়ছে চাষের খরচ ও ঋণের বোঝা। এখন কৃষকদের একটাই প্রার্থনা—বৃষ্টি থামুক, দ্রুত জল নামুক, আর কোনওভাবে বাঁচানো যাক সারা বছরের পরিশ্রমের ফসল।