ঘোনা বিদ্যাধরী খালে বেআইনি মাটি কাটার অভিযোগ, মাটিয়া পুলিশের অভিযানে জেসিবি-সহ দুটি ট্রলি বাজেয়াপ্ত, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট:
একের পর এক বেআইনি কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মাটিয়া থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ফের বড়সড় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি জেসিবি মেশিন ও দুটি ট্রলি বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই গাড়িচালককে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও কয়েকজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর বিকেল ৩টে নাগাদ ঘোনা বিদ্যাধরী খাল থেকে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে দ্রুত সাদা পোশাকে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। এরপর অতর্কিতে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি জেসিবি মেশিন এবং দুটি ট্রলি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থল থেকেই দুই চালককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম প্রীতম মজুমদার। তাঁর বাড়ি মাটিয়া থানার ঘোড়ারাস পালপাড়ায়। অপর ধৃত তাপস সর্দারের বাড়ি হাসনাবাদ থানার জামবেড়িয়ায়। ধৃত দু’জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
এই অবৈধ মাটি কাটার কারবারের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। সরকারি নির্দেশ অমান্য করে কীভাবে এই কারবার চলছিল এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এলাকায় বেআইনি কারবারের বিরুদ্ধে মাটিয়া থানার পুলিশের লাগাতার অভিযানে স্বস্তি স্থানীয়দের। তবে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, এখন সেটাই তদন্তের বিষয়।