Raidighi News : গ্রামীণ শিক্ষায় নতুন দিগন্ত, পঞ্চম শ্রেণিতে উন্নীত সরস্বতীপাড়া স্কুল।

সৌরভ দাস , রায়দিঘি – দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘি থানা অন্তর্গত মথুরাপুর–২ নম্বর ব্লকের সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পঞ্চম শ্রেণির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শ্রেণির উদ্বোধন করেন বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে (মথুরাপুর দক্ষিণ চক্র)।

এলাকায় শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ Credit: DN News Bangla

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার দেবতনু দাস, বিদ্যালয়ের প্রধান বর্ণালী সরদার, খাড়ী অঞ্চলের প্রতিনিধি নূর মোহাম্মদ শেখ, আনোয়ার হোসেন, নিখিল কুমার সামন্ত (প্রধান শিক্ষক) এবং সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরো পড়ুন : রাজ্যপালকে খুনের হুমকি, নিরাপত্তা জোরদার — তবু নির্ভীক বোস।

উল্লেখ্য, এতদিন এই বিদ্যালয়টি শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণি চালু হওয়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন এখান থেকেই পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং পরবর্তীতে পঞ্চম শ্রেণি পাশ করে ষষ্ঠ শ্রেণিতে হাইস্কুলে ভর্তির সুযোগ পাবে। এই উদ্যোগে এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে গেল বলে মত অভিভাবকদের।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় ব্যাচ ও চন্দনের ফোঁটা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর ছাত্রছাত্রীদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পঞ্চম শ্রেণির জন্য নির্মিত নতুন স্কুলঘরের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্নেহজিৎ দে।

বিদ্যালয় প্রাঙ্গণ এদিন ছিল সাজসজ্জায় মনোরম। প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এই বিদ্যালয়টি মূলত অনুন্নত ও পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষার আলো পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা দীর্ঘদিন ধরে নিজেদের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে চলেছেন।

আরো পড়ুন : ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও ত্রিপুরা।

এদিনের অনুষ্ঠানে অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের অনেকেই জানান, পঞ্চম শ্রেণি চালু হওয়ায় এখন সন্তানদের পড়াশোনার জন্য দূরে যেতে হবে না, এতে সময় ও খরচ দু’টোই সাশ্রয় হবে।

সব মিলিয়ে সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে উত্তরণের এই অনুষ্ঠান এলাকায় শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে রইল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *