নিজস্ব প্রতিবেদক,মুর্শিদাবাদ – ওড়িশায় গণপিটুনিতে নিহত বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবিকতার নজির গড়িয়ে মঙ্গলবার রাতে মৃত জুয়েলের মা নাজেমা বিবির হাতে তুলে দেওয়া হল সরকারি চাকরির নিয়োগপত্র। তাঁকে মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের বিএলআরও (BLRO) অফিসে অ্যাটেন্ডেট পদে নিয়োগ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

মৃত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার বয়স ছিল মাত্র ২১ বছর। সংসারের হাল ধরতেই গত ২০ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের আরও কয়েকজন যুবকের সঙ্গে ওড়িশার সম্বলপুরে দিনমজুরের কাজে যান। স্থানীয় এলাকায় নির্মাণ সংক্রান্ত কাজ করতেন তাঁরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, বড়দিনের রাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
২৫ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট নাগাদ জুয়েল একটি চায়ের দোকানে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর সঙ্গী আরিক ও পলাশ। তাঁরা তিনজন বাংলায় কথা বলছিলেন। অভিযোগ, সেই সময় পাঁচজন দুষ্কৃতী সেখানে এসে তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে অশান্তি শুরু করে। শ্রমিকরা বৈধ পরিচয়পত্র দেখালেও দুষ্কৃতীরা তা মানতে চায়নি। অভিযোগ অনুযায়ী, পরিচয় নিশ্চিত হওয়ার পরও ‘বাংলাদেশি’ তকমা দিয়ে তিনজনের উপর চড়াও হয় তারা।
আরো পড়ুন : ফের রক্তাক্ত বাংলাদেশ, যশোরে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় এক হিন্দু যুবকে।
দুষ্কৃতীদের হাত থেকে কোনও রকমে পালিয়ে যেতে সক্ষম হন আরিক ও পলাশ। কিন্তু পালাতে পারেননি জুয়েল। তাঁকে লক্ষ্য করে শুরু হয় নির্মম মারধর। বেধড়ক প্রহারে জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে স্থানীয়দের সহায়তায় জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের তরফে মন্ত্রী শশী পাঁজা জানান, নিহতের পরিবারের পাশে রাজ্য সরকার সম্পূর্ণভাবে রয়েছে এবং সবরকম সহায়তা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি তৎপরতায় সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ মিলল চাকরির নিয়োগে।
মঙ্গলবার রাতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান মৃত জুয়েল রানার মায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন। শোকস্তব্ধ পরিবারের কাছে এই চাকরি যেমন আর্থিক নিরাপত্তা এনে দেবে, তেমনই রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির বার্তাও বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।