নিজস্ব প্রতিবেদন, অসম – ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত। অসম ও ত্রিপুরায় জোরাল কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ অসমে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের মোরিগাঁও জেলা এবং ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে এই কম্পনের কেন্দ্রস্থল ছিল বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের প্রভাব মধ্য অসমে সবচেয়ে বেশি অনুভূত হলেও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে এই কম্পন টের পাওয়া যায়। গুয়াহাটি, নগাঁও, তেজপুর-সহ একাধিক এলাকায় কয়েক সেকেন্ড ধরে মাটি কেঁপে ওঠে। ভোররাতে আচমকা এই কম্পনে ঘুম ভেঙে যায় বহু মানুষের। আতঙ্কে অনেকেই প্রবল শীত উপেক্ষা করে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল যেকোনো মুহূর্তে বাড়িঘর ভেঙে পড়তে পারে।
যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সব দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও এলাকায় ক্ষয়ক্ষতির খবর মিললে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
আরো পড়ুন : ১৬৭০ কোটি টাকার ‘স্বপ্নের সেতু’ গঙ্গাসাগরে, আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পের উৎস ছিল কোপিলি ফল্ট লাইনে। উত্তর-পূর্ব ভারতের অন্যতম সক্রিয় এই ফল্ট লাইনে এর আগেও একাধিকবার ভূমিকম্প হয়েছে। সিসমোলজিস্টদের দাবি, এই অঞ্চল ভূমিকম্প প্রবণ হওয়ায় ভবিষ্যতেও মাঝারি থেকে শক্তিশালী কম্পনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি ভূমিকম্প চলাকালীন কীভাবে নিরাপদ থাকতে হবে, সে বিষয়ে আরও প্রচার প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।
এদিকে অসমের আগেই ত্রিপুরাতেও ভূমিকম্প অনুভূত হয়। সোমবার রাত ৩টা ৩৩ মিনিট নাগাদ ত্রিপুরার গোমতী জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৯। ত্রিপুরায় এই ভূমিকম্পের কিছুক্ষণ পরেই অসমে শক্তিশালী ৫.১ মাত্রার কম্পন অনুভূত হওয়ায় উত্তর-পূর্ব জুড়ে আতঙ্ক আরও বাড়ে।
আরো পড়ুন : ভাঙড়ে আইএসএফ–তৃণমূল সংঘর্ষ, আহত উভয় পক্ষের একাধিক।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সম্পূর্ণ সতর্ক রয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং কোনও জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।