India Bangladesh : ফের অশান্ত বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পদ্মাপারের দেশ। রাজনৈতিক অস্থিরতার আবহে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। একের পর এক হত্যাকাণ্ড ও হিংসার ঘটনায় বাংলাদেশজুড়ে ছড়িয়েছে ভয় ও অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর ‘অবিরাম হিংসা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। ইউনূস প্রশাসনকে কড়া বার্তা দিয়ে নয়াদিল্লি জানিয়ে দিল, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।

বাংলাদেশ : উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই অস্থিরতার আগুনে পুড়তে শুরু করে বাংলাদেশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলে অভিযোগ। বরং সেই সময় থেকেই বিভিন্ন জেলায় হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা সামনে আসতে থাকে। ঘরবাড়ি ভাঙচুর, মারধর এবং খুনের ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে ওসমান হাদির মৃত্যুর পর। ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু যুবককে প্রথমে মারধর করা হয়, পরে তাঁকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এই নৃশংস ঘটনায় বাংলাদেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একইসঙ্গে প্রতিবেশী দেশ ভারতেও এই ঘটনার প্রতিবাদে সরব হন বহু মানুষ। মানবাধিকার সংগঠনগুলিও ঘটনার তীব্র নিন্দা জানায়।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজবাড়ি জেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনা ঘটে। নিহত অমৃত মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি ও এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। পুলিশের প্রাথমিক অনুমান, সেই ক্ষোভ থেকেই হামলা চালানো হতে পারে। তবে পরপর এই দুই হত্যাকাণ্ড সংখ্যালঘু সমাজের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হিংসার ঘটনা নিয়ে এদিন প্রকাশ্যে উদ্বেগ জানায় ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের উপর অবিরাম হিংসার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যার তীব্র নিন্দা করছে ভারত।” তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে ভারত আশা করছে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এখনও পর্যন্ত সংখ্যালঘুদের উপর প্রায় ২ হাজার ৯০০টির বেশি হিংসার ঘটনা ঘটেছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া উচিত।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝেই সংখ্যালঘুদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে গোটা দক্ষিণ এশিয়া।