এক কাপ পারফেক্ট চায়ের জন্য ঠিক কতটা দুধ আর কতটা জল দেওয়া উচিত—এই প্রশ্নের একটাই উত্তর নেই। কারণ চা শুধু একটি পানীয় নয়, চা হলো আবেগ। একেকজনের স্বাদ একেক রকম, হাতের গুণে চায়ের স্বাদ বদলে যায়। কারও পছন্দ কড়া লিকার, কারও আবার দুধে ভরপুর নরম চা। তবু একটি ভালো চায়ের মূল রহস্য লুকিয়ে আছে তার টেক্সচার এবং দুধ–জলের সঠিক অনুপাতে।

ডিজিটাল ডেস্ক : চা প্রেমীদের জীবনে চায়ের গুরুত্ব আলাদা করে বলার প্রয়োজন নেই। সকাল শুরু হোক বা কাজের ফাঁকে ক্লান্তি কাটাতে—এক কাপ গরম চা অনেকের কাছেই অপরিহার্য। চায়ের অপকারিতা নিয়ে যত বিতর্কই থাকুক, বাস্তবটা হলো—এক কাপ ভালো চা ছাড়া দিনটাই যেন অসম্পূর্ণ। তবে সমস্যা হয় তখনই, যখন দুধ বেশি পড়ে গিয়ে চায়ের আসল ফ্লেভার চাপা পড়ে যায়, কিংবা জল বেশি হলে চা পানসে লাগে। তাই সেরা স্বাদ পেতে দুধ ও জলের ভারসাম্য রাখা ভীষণ জরুরি।
এই প্রসঙ্গে জনপ্রিয় শেফ রণবীর ব্রার তাঁর বাবার হাতের চায়ের রেসিপির কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, চার জনের জন্য চা বানাতে হলে প্রথমে ২ কাপ জল ফুটিয়ে নেওয়া উচিত। আদর্শভাবে চায়ের ক্ষেত্রে জল ও দুধের অনুপাত ১:১ রাখাই সবচেয়ে ভালো। তবে চা যেহেতু বেশ কিছুক্ষণ ফুটে, ফলে জল কিছুটা কমে যায়। তাই অনেক সময় দুধের পরিমাণ জলের তুলনায় সামান্য বেশি রাখলেও স্বাদে ভারসাম্য বজায় থাকে।
চায়ের স্বাদ বাড়াতে শুধু দুধ আর চিনি যথেষ্ট নয়। এলাচ চায়ের সুবাস ও স্বাদ দুটোই বাড়িয়ে দেয়। মশলা চা পছন্দ করলে গোলমরিচ, লবঙ্গ বা সামান্য জায়ফলের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। তবে রণবীর ব্রারের পরিবারের চায়ের আসল ‘সিক্রেট ইনগ্রেডিয়েন্ট’ হলো মৌরি। এক চিমটি মৌরি চায়ের স্বাদে এনে দেয় এক অনন্য মোলায়েমতা।
পারফেক্ট চা বানানোর ধাপও খুব গুরুত্বপূর্ণ। প্রথমে জল ফুটতে শুরু করলে থেঁতো করা আদা দিন। আদা থেকে রস বেরোনোর পর তাতে চা পাতা ও চিনি যোগ করুন এবং ৩–৪ মিনিট ভালো করে ফুটতে দিন, যাতে কড়া লিকার তৈরি হয়। সবশেষে দুধ দিয়ে আবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক কাপ সুগন্ধি, ব্যালান্সড আর একেবারে পারফেক্ট চা।