ঋত্বিক দাস ,কলকাতা : সোমবার নিউ টাউনে বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থেকেই শুরু হয়ে গেল মন্দির নির্মাণের কাজ। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই বিশাল প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে এবং তারপরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে দুর্গা অঙ্গন।

শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজকের অনুষ্ঠান শুধু বাংলার নয়, সারা বিশ্বের, বিশ্ববাংলার, সর্ব সংস্কৃতির অনুষ্ঠান। মা-মাটি-মানুষের বাংলায় সব ধর্ম, বর্ণ, সম্প্রদায় এবং সংস্কৃতির মানুষকে একসূত্রে বাঁধতেই এই উদ্যোগ।” তিনি জানান, খেলাধুলো থেকে শুরু করে চলচ্চিত্র জগত, সাহিত্য, বইমেলা ও ক্রীড়াক্ষেত্রের বহু বিশিষ্ট মানুষ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা পেছনে বসে আছেন, তাঁরাও না এলে এই অনুষ্ঠান সম্পূর্ণ হতো না। আজকের অনুষ্ঠান আমি বাংলার মানুষকে সমর্পণ করছি।”
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রথমে দুর্গা অঙ্গনের জন্য ১২ একর জমির কথা ভাবা হয়েছিল। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি এমন একটি প্রকল্প করা হয়, তবে তা বৃহৎ পরিসরেই করা উচিত। সেই কারণেই ১৭.২৮ একর জমিতে দুর্গা অঙ্গন গড়ে তোলা হচ্ছে। তাঁর কথায়, “এটি বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য, দিনে অন্তত এক লক্ষ মানুষ এখানে আসতে পারবেন।” ইউনেস্কোর দেওয়া স্বীকৃতি ও সম্মানকে সংরক্ষণ করতেই এই মন্দির নির্মাণের উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী। বছরে ৩৬৫ দিনই দুর্গা ঠাকুর দর্শনের সুযোগ থাকবে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসবেন। পাশাপাশি, দুর্গা অঙ্গনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত একটি ট্রাস্ট এই মন্দিরের দেখভাল করবে। পুরো চত্বরের মাত্র ২০ শতাংশ অংশে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকবে, বাকি অংশে থাকবে প্রাকৃতিক বাতাস চলাচলের সুবিধা। গ্রিন বিল্ডিং হিসেবে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে। দুর্গা অঙ্গন চত্বরে ৩০০-র বেশি গাছ এবং প্রায় ১,০০০টি ফুলের গাছ লাগানো হবে। মূল মণ্ডপ ছাড়াও থাকবে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ড এবং শিব, গণেশ, কার্তিক ও সরস্বতীর জন্য আলাদা আলাদা মণ্ডপ।

মূল গর্ভগৃহের উচ্চতা হবে প্রায় ৫৪ মিটার। শাস্ত্রীয় বিধি মেনে ১০৮টি দেবদেবীর মূর্তি এবং ৫৪টি সিংহমূর্তি স্থাপন করা হবে। এছাড়া ১,০০৮টি স্তম্ভ ও নকশা করা খিলানে সাজানো পথ নির্মাণ করা হবে। প্রায় ২ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে এই অঙ্গন গড়ে উঠবে। মন্দিরের মাঝের উঠোনে একসঙ্গে প্রায় ১,০০০ মানুষ বসতে পারবেন।

ব্যয়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, দুর্গা মন্দির ট্রাস্টে যে অর্থ জমা পড়েছে, তাতে মায়ের মূর্তির খরচ উঠে এসেছে। বাকি খরচ হিডকো বহন করবে। রাজ্য সরকারের তরফে কার পার্কিংসহ বিভিন্ন খাতে প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি টাকা খরচ করা হবে। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও দক্ষিণেশ্বর, কালীঘাট ও গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম উন্নয়নে রাজ্য সরকার অর্থ দিয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি ও অর্থ—দু’টিই ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে।