নিজস্ব প্রতিবেদক, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বাংলার রাজনৈতিক জমি ভাল করে মেপে নিতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবার তাঁর সফর পুরোপুরি কলকাতাকেন্দ্রিক। মঙ্গলবার শহরে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট বার্তা দিলেন—আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান হাতিয়ার হতে চলেছে অনুপ্রবেশ ইস্যু। সেই সঙ্গে দুর্নীতি, নারী নির্যাতন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি—সবকিছুকেই এক সুতোয় বেঁধে শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি।

সাংবাদিক বৈঠকে অমিত শাহের বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল অনুপ্রবেশ প্রসঙ্গ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ আজ দেশের সবচেয়ে বড় অনুপ্রবেশের করিডর হয়ে উঠেছে এবং এর জন্য দায়ী রাজ্য সরকার। শাহের কথায়, “রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের রক্ষা করা হচ্ছে। এর ফল ভুগছে বাংলার মানুষ।” একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ২০২৬ সালের এপ্রিলের পর রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে এবং তখন অনুপ্রবেশ ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
অনুপ্রবেশের পাশাপাশি দুর্নীতির অভিযোগেও শাসক দলকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সেই প্রসঙ্গ টেনে না এনে, শাহ কার্যত পাল্টা আক্রমণে তুলে ধরেন একের পর এক দুর্নীতির অভিযোগ—চিটফান্ড দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, আবাস যোজনা ও একশো দিনের কাজের দুর্নীতি। তাঁর প্রশ্ন, “মুখ্যমন্ত্রী কি জবাব দিতে পারবেন, কীভাবে তাঁরই এক মন্ত্রীর বাড়ি থেকে ২৭ কোটি টাকা উদ্ধার হয়? এত টাকা ছিল যে নোট গোনার মেশিনও গরম হয়ে বন্ধ হয়ে যায়।”
দুর্নীতির পাশাপাশি নারী নির্যাতনের বিষয়টিকেও জোরালোভাবে সামনে আনেন অমিত শাহ। তিনি বলেন, রাজ্যে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ সামনে আসছে, অথচ সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ। আরজি কর মেডিক্যাল কলেজের গণধর্ষণকাণ্ড থেকে শুরু করে কসবা ল কলেজ, সন্দেশখালি, দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীর উপর নির্যাতন—প্রতিটি ঘটনার উল্লেখ করেন তিনি। শাহের বক্তব্য, এই ঘটনাগুলি শুধু বিচ্ছিন্ন নয়, বরং রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যকেও নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্গাপুরের ঘটনার পর মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন, মহিলাদের সন্ধ্যা সাতটার পর হস্টেল বা ঘর থেকে না বেরোনোই ভালো। সেই মন্তব্যের প্রসঙ্গ তুলে শাহ বলেন, “আমরা কোন যুগে বাস করছি? মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে তাঁদেরই চলাফেরায় নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে।” যদিও এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এবং পরে মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই অমিত শাহ ‘দুর্গা অঙ্গন’ প্রকল্পকে কটাক্ষ করেন। তাঁর মতে, রাজ্যে একের পর এক নারী নির্যাতন, দুর্নীতি ও অনাচারের ঘটনার পর দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন আসলে “বঙ্গবাসীর ঘায়ে মলম লাগানোর চেষ্টা”। তবে সেই মলম কোনও কাজ করবে না বলেও মন্তব্য করেন তিনি। শাহের কথায়, “বঙ্গবাসীর হৃদয়ের ঘা এতটাই গভীর যে কোনও মলমে তা সারবে না।”
সব মিলিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে অমিত শাহ স্পষ্ট করে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি আক্রমণাত্মক কৌশলেই নামতে চলেছে। অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নিরাপত্তা—এই তিনটি ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই যে বিজেপির মূল লক্ষ্য, তা এদিনের বক্তব্যে আরও স্পষ্ট হয়ে উঠল।