Basanti News : রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড—আটক এক।

সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী – বাসন্তীতে গভীর রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় এক বিজেপি কর্মী-সমর্থকের বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগের তির উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই। পুলিশ ইতিমধ্যেই একজন তৃণমূল কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

অগ্নিকাণ্ডে দেড় লক্ষ নগদ, সোনার গয়না ও নথিপত্র ভস্মীভূত                                                       Image Credit: DN News Bangla

মঙ্গলবার গভীর রাতে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের আমড়াতলা সংলগ্ন তেঁতুলতলা আদিবাসী গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা ফকির নস্কর ও তাঁর স্ত্রী সাবিত্রী নস্কর ওই বাড়িতে বসবাস করতেন। তাঁদের পুত্রবধূ ভারতী মণ্ডল বিজেপির মহিলা মোর্চার নেত্রী। অভিযোগ, বিজেপির সক্রিয় কর্মী হওয়ার কারণেই স্থানীয় তৃণমূল কর্মী কাশীনাথ নস্করের সঙ্গে নস্কর পরিবারের দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিরোধ চলছিল।

পরিবারের অভিযোগ, সোমবার রাজনৈতিক বিষয় নিয়ে ফকির নস্কর ও তাঁর স্ত্রীর সঙ্গে কাশীনাথ নস্করের বচসা হয়। সেই সময় হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি। এরপরই মঙ্গলবার গভীর রাতে দম্পতি যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন আচমকাই তাঁদের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে।

অগ্নিকাণ্ডে নগদ প্রায় দেড় লক্ষ টাকা, সোনার গয়না, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ঘরে মজুত থাকা চালসহ প্রায় সমস্ত কিছুই পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের তৎপরতায় কোনও রকমে বৃদ্ধ দম্পতিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে বাড়ির ক্ষয়ক্ষতি বিপুল বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে স্থানীয় তৃণমূল কর্মী কাশীনাথ নস্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যদিকে, তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

ঘটনার তদন্তে পুলিশ কী তথ্য সামনে আনে, সেদিকেই এখন তাকিয়ে গোটা এলাকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *