বাঁকুড়া : নির্বাচনের মুখে ফের উত্তাল রাজ্য রাজনীতি। এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় এআই ব্যবহার করে প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে—এই অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় দলীয় সাংগঠনিক সভা থেকে তিনি সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, কমিশনের অন্দরে বিজেপির আইটি সেলের কর্মীরা বসে কাজ করছে।

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ধারাবাহিক বাংলা সফর, অন্যদিকে রাজ্যের শাসক দলের পাল্টা আক্রমণ—সব মিলিয়ে ভোটের লড়াই ক্রমশ তুঙ্গে। বড়জোড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে কটাক্ষ করে বলেন, বিজেপি ভোট এলেই ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে তারা ধ্বংসের বাংলা গড়তে চায়। তাঁর হুঙ্কার, “আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি পদত্যাগ করুন। বলছেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন। এবার তো আর বলছেন না ‘আব কি বার ২০০ পার’। আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার। বাংলায় আবার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।”
এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মূল সুর ছিল নির্বাচন কমিশনের ভূমিকা। তাঁর অভিযোগ, দিল্লিতে কমিশনের দফতরের মধ্যেই বিজেপির আইটি সেলের লোক বসে রয়েছে এবং ইআরওদের (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) নাম ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে এআইয়ের মাধ্যমে লক্ষ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, ইআরওদের অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে জানিয়েছে যে তারা এই কাজ করেনি। তা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং গণতন্ত্রবিরোধী।

নাম বাদ যাওয়ার ঘটনায় উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কারও পদবি সিংহ। ইংরেজিতে সেটা সিনহা লেখা হয়েছে—এই সামান্য বানানের ফারাকেই নাম বাদ দেওয়া হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই বিএলএ (বুথ লেভেল এজেন্ট)দের হিয়ারিং রুমে ঢুকতে দেওয়া হচ্ছে না। কোন আইনে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের হিয়ারিংয়ে ডাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধিদের পরিবারও যদি বাদ না যায়, সাধারণ মানুষের অবস্থা কী?
নির্বাচন কমিশনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লিখিত নির্দেশিকা দিন। হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো হচ্ছে। হোয়াটসঅ্যাপের কোনও আইনি ভ্যালু নেই।” তিনি স্পষ্ট করে জানান, প্রয়োজনে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং মানুষের আদালতেও এই বিষয়ে সওয়াল করবেন। তাঁর অভিযোগ, “ভ্যানিশ কুমার ঘরে বসে নাম কাটছে। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি করছে।”

ভোটারদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, যাদের নাম বাদ গেছে তারা যেন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন। তিনি বলেন, “৫৪ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তারা ৭ ও ৮ নম্বর ফর্ম ফিলআপ করবেন। এটা আপনাদের অধিকার। অধিকার ছাড়বেন না।” একইসঙ্গে দলীয় কর্মীদেরও তিনি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার বার্তা দেন।
এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মৃত্যুর ঘটনাও এদিন সভায় তুলে ধরেন তৃণমূল সভানেত্রী। তাঁর দাবি, এই প্রক্রিয়ার কারণে রাজ্যে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, জেলায় জেলায় তাঁদের নামে শহিদ বেদি তৈরি করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলমান মারা গিয়েছেন। আদিবাসী, তফসিলি সম্প্রদায়ের মানুষও মারা গিয়েছেন।” তাঁর মতে, এটি শুধুমাত্র প্রশাসনিক গাফিলতি নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র।
সব মিলিয়ে বড়জোড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল বনাম বিজেপির সংঘাত আরও তীব্র হতে চলেছে। নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকার স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকার—এই সব প্রশ্নকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক লড়াই নতুন মাত্রা পেল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।