Bankim Chandra Hazra : বিজেপি নেতার বাড়িতে রাজ্যের মন্ত্রী, বেরোতেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

তপন কুমার দাস ,  নামখানা  – রাজনৈতিক অস্বস্তিতে পড়লেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী তথা সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা। শনিবার বিকেলে নামখানায় একটি রাস্তা উদ্বোধনের কর্মসূচিতে গিয়ে নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মন্ত্রীর কনভয় রেখেই শেষ পর্যন্ত এক তৃণমূল কর্মীর বাইকে চেপে এলাকা ছাড়তে হয় তাঁকে।

বিজেপি নেতাকে ফেরাতে গিয়েই বিপাকে মন্ত্রী

ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নামখানা ও সাগর ব্লকের রাজনৈতিক মহলে। সূত্রের খবর, শনিবার বিকেলে সরকারি কর্মসূচির আগে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া স্থানীয় নেতা বীরেন গিরির বাড়িতে যান মন্ত্রী বঙ্কিম হাজরা। বিষয়টি চুপিসারে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও তা আর গোপন থাকেনি। বিজেপি নেতার বাড়ি থেকে বেরোনোর পরই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

দেখুন : ৪.৭৫ কিমি দীর্ঘ গঙ্গাসাগর সেতু শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |

বিক্ষোভকারীদের অভিযোগ, বীরেন গিরি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর স্থানীয় বহু তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেই ‘দলবদলকারী’ নেতাকে আবার তৃণমূলে ফিরিয়ে আনার চেষ্টা হলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি, বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায়, সেই সময় নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের মুখে পড়ে মন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আঁচ করেই কনভয় ছেড়ে দ্রুত বাইকে করে এলাকা ত্যাগ করেন বঙ্কিম হাজরা। পুরো ঘটনাটি ঘিরে নামখানায় শোরগোল পড়ে যায়।

যদিও এই বিষয়ে প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি স্থানীয় কোনও তৃণমূল নেতা বা কর্মী। তবে বিজেপিতে যোগ দেওয়া বীরেন গিরি স্বীকার করেছেন যে মন্ত্রী তাঁর বাড়িতে গিয়েছিলেন। তিনি বলেন, “সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আমার বাড়িতে এসেছিলেন। তিনি আমাকে তৃণমূলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। আমি বলেছি, আমার সঙ্গে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত জানাব।”

এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মাইলেজ নিতে পিছপা হয়নি বিজেপি। স্থানীয় বিজেপি নেতা বিপ্লব নায়েক কটাক্ষ করে বলেন, “মন্ত্রী মশাই এসেছিলেন নামখানাকে টানতে। কিন্তু নিজের দলের কর্মীদের তাড়া খেয়ে কনভয় ফেলে বাইক চেপে পালাতে হল। উনি আগে যেভাবে অন্যদের সঙ্গে ব্যবহার করতেন, আজ ঠিক সেটাই ওনার সঙ্গেও হল।”

সব মিলিয়ে, বিজেপি নেতার বাড়িতে মন্ত্রীর যাওয়া এবং তার জেরে নিজের দলের কর্মীদের বিক্ষোভ—এই ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবন রাজনীতিতে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *