৩০০ মিটার গভীর খাদে যাত্রীবোঝাই বাস, হিমাচলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭।

শিমলা – হিমাচল প্রদেশে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। রাজ্যের সিরমৌর জেলায় একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

ঘটনাটি ঘটেছে সিরমৌর জেলার রেনুকাজি থানার অন্তর্গত হরিপুরধার বাজার সংলগ্ন পাহাড়ি রাস্তায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেসরকারি বাসটি শিমলা থেকে কুপভি যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চলার সময় হঠাৎই চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি রাস্তা ছেড়ে গভীর খাদে গিয়ে পড়ে।

দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী সংখ্যা ছিল অনেক বেশি। ফলে দুর্ঘটনার অভিঘাতও ছিল মারাত্মক। প্রত্যক্ষদর্শীদের মতে, খাদে পড়ার সময় বাসটি একাধিকবার উল্টে যায় এবং সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বাসের ভিতরে থাকা বহু যাত্রী ছিটকে পড়েন, আবার অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন।

আরো পড়ুন : ২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে লিওনেল মেসিকে?

দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ঝুঁকি নিয়েই তাঁরা খাদে নেমে আহত যাত্রীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় রেনুকাজি থানার পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল। প্রশাসনের আধিকারিকরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তদারকি করেন।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হরিপুরধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নাহান ও শিমলার বড় হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় বিধায়ক বিনয় কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “এই দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।” তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।

আরো পড়ুন : রাজ্যপালকে খুনের হুমকি, নিরাপত্তা জোরদার — তবু নির্ভীক বোস।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাহাড়ি রাস্তায় অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *