মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে গিরিধন কারখানার বাইরে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ

জামুড়িয়ার ইখড়া শিল্পতালুকের গিরিধন কারখানায় সরকারি নির্ধারিত মজুরি, নিরাপত্তা ও ছুটির দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ। কিছু সময়ের জন্য ব্যাহত উৎপাদন।

গিরিধন কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ, সাময়িক বন্ধ উৎপাদন


নিজস্ব প্রতিবেদক, জামুড়িয়া

নতুন দিন – সপ্তাহের শুরুর দিনে দৈনিক মজুরি বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল জামুড়িয়ার ইখড়া শিল্পতালুকের গিরিধন কারখানা। দফায় দফায় শ্রমিকদের মুখে শোনা যায় “জয় শ্রী রাম” ধ্বনি। বিক্ষোভে অংশ নেন মহিলা ঠিকা শ্রমিকরাও।

সোমবার জামুড়িয়ার ইখড়া শিল্পতালুকের গিরিধন নামের একটি কারখানার বহু সংখ্যক ঠিকা শ্রমিক একজোট হয়ে কারখানার প্রধান ফটকের বাইরে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, সরকারি নির্ধারিত দৈনিক ৭৮৩ টাকা মজুরি প্রদান করতে হবে। পাশাপাশি শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, মাসিক চার দিনের ছুটি, নির্দিষ্ট সময়ে বেতন প্রদান-সহ একাধিক দাবি তুলে ধরেন তাঁরা।

বিক্ষোভ চলাকালীন শ্রমিকরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘদিন ধরে তাঁরা মাত্র ৩৩৫ টাকা মজুরিতে কাজ করছেন। অথচ সরকারি নির্ধারিত মজুরি ৭৮৩ টাকা। শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে মজুরি দেওয়ার নিয়ম থাকলেও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও অনেক সময় বেতন হাতে পান না তাঁরা।

এছাড়াও শ্রমিকদের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। শৌচাগারের অভাব রয়েছে এবং প্রচণ্ড গরমের মধ্যেও শ্রমিকদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেনি কারখানা কর্তৃপক্ষ।

এদিনের বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য কারখানার উৎপাদন ব্যবস্থাও ব্যাহত হয়।

অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ জানায়, বিষয়টি ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে আন্দোলন প্রত্যাহার করেন ঠিকা শ্রমিকরা। তবে তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *