জবর দখলে ধুঁকছে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, ক্ষুব্ধ কৃষক-ব্যবসায়ীরা

জবর দখলের চাপে বিপন্ন ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট। কৃষকদের ফসল রাখার জায়গা নেই, ক্ষোভে ব্যবসায়ী ও চাষিরা প্রশাসনের হস্তক্ষে

জবর দখলে ক্রমশ বিপন্ন ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট

ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে বেআইনি দখল


ভাস্কর মহন্ত, ধূপগুড়ি :

কৃষকদের উৎপাদিত ফসল সঠিক মূল্যে পাইকারি দরে বিক্রির উদ্দেশ্যে প্রায় ৭৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছিল ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট। একসময় রাজ্যের অন্যতম লাভজনক কৃষি বাজার হিসেবে পরিচিত এই মার্কেট এখন জবর দখলের গ্রাসে ধুঁকছে।

গত পাঁচ দশকে বাজারের পরিকাঠামোর যতটা উন্নয়ন হয়েছে, তার চেয়ে অনেক দ্রুত বেড়েছে বেআইনি দখলদারি। অভিযোগ, প্রশাসনিক উদাসীনতা ও নিয়মিত নজরদারির অভাবে গত দেড় দশকে বাজার চত্বরে হুহু করে বেড়েছে জবর দখল।

একসময় এই বিশাল বাজারে সবজি কেনাবেচার পাশাপাশি রাজনৈতিক সভা, সার্কাস এবং ঐতিহ্যবাহী দশমী মেলাও অনুষ্ঠিত হত। বর্তমানে সেখানে তিল ধারণের জায়গা নেই। দূরদূরান্ত থেকে আসা কৃষকরা তাঁদের ফসল রাখার ন্যূনতম জায়গাও পাচ্ছেন না। ফলে অনেক চাষিকেই বাধ্য হয়ে ফালাকাটা বা ময়নাগুড়ির সবজি মান্ডির দিকে ঝুঁকতে হচ্ছে।

খোলা বাজার চত্বর তো বটেই, চাষিদের সুবিধার জন্য তৈরি বিশাল শেডগুলিও এখন বাঁশের বেড়া দিয়ে দখল করে রাখা হয়েছে। বাজারে থাকা ২৫টিরও বেশি শেডের প্রায় প্রতিটিরই একই অবস্থা। অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ী জোরপূর্বক জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছেন।

পরিকল্পনাহীনভাবে গজিয়ে ওঠা শত শত বেআইনি ঝুপড়ির কারণে পুরো বাজার চত্বর এখন কার্যত অগ্নিঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। গত তিন বছরে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। কিন্তু তাতেও প্রশাসন বা বাজার কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি বলে অভিযোগ।

মার্কেটের ব্যবসায়ী বলরাম ঘোষ বলেন, “দিনের পর দিন মার্কেটের জায়গা দখল হচ্ছে। অনেকের দোকানঘর থাকা সত্ত্বেও অতিরিক্ত জায়গা দখল করে ব্যবসা চলছে। মার্কেট কর্তৃপক্ষের কোনো নজর নেই।”

আরেক ব্যবসায়ী সুশান্ত রায় জানান, “কয়েক বছর আগেও মার্কেটের পরিবেশ খুব ভালো ছিল। এখন চারদিকে ঝুপড়ি তৈরি হয়েছে। যে যার মতো জায়গা দখল করে রাখছে। আগের মতো ব্যবসাও আর নেই।”

ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক গোপাল পাল বলেন, “আমরা বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। বাজারের এই দুরবস্থার জন্য প্রশাসনের চরম উদাসীনতাই দায়ী। দ্রুত জবর দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।”

অন্যদিকে ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সুজয় ঘোষের অভিযোগ, “মার্কেট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সঠিক নজরদারি থাকলে এভাবে বেআইনি ঝুপড়ি গড়ে উঠত না।”

এখন ব্যবসায়ী থেকে কৃষক— সকলেরই একটাই দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটকে জবর দখলমুক্ত করা হোক


🌐 Digital Presence

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *