চাঁচল হাসপাতালে অন-ডিউটিতে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ, বিজেপির ক্ষোভ

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে অন-ডিউটিতে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ তুলল বিজেপি। এসডিইউ বেড সংকট, চিকিৎসা পরিষেবা ও দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা।

অন-ডিউটিতে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ, চাঁচল হাসপাতালে পরিষেবা ঘিরে বিজেপির ক্ষোভ


সফিকুল আলম, মালদা: সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন, রোগী রেফার কমানো এবং চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকার দাবিতে মঙ্গলবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করল বিজেপি নেতৃত্ব। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মালদহ উত্তরের বিজেপির সহ-সভাপতি রতন দাস।

হাসপাতালের সাধারণ ওয়ার্ড থেকে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বিজেপি নেতারা। পরিদর্শনের পর হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়। বিজেপির দাবি, সরকারি হাসপাতালে অন-ডিউটিতে থাকাকালীন কিছু চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস ও নার্সিংহোমে সময় দিচ্ছেন। এর জেরে সাধারণ রোগীরা সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজেপি নেতৃত্ব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসকদের উপস্থিতি ও পরিষেবার উপর আরও কড়া নজরদারির দাবি জানায়। পাশাপাশি হাসপাতালের এসডিইউ (স্টেপ ডাউন ইউনিট) বিভাগে মাত্র চারটি শয্যা থাকায় বহু সঙ্কটজনক রোগীকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করতে হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

তাঁদের দাবি, চাঁচল হাসপাতালে ২৪ শয্যার এসডিইউ ওয়ার্ড তৈরি হলেও তা এখনও চালু হয়নি। দ্রুত পরিষেবা চালু করার দাবি জানানো হয়েছে। এছাড়াও হাসপাতালের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়েও প্রশ্ন তোলে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, প্রায় ১৬ লক্ষ টাকার প্রকল্প দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে দুর্নীতির সম্ভাবনা রয়েছে।

চিকিৎসক ও নার্সদের সরকারি আবাসনের বেহাল অবস্থার কথাও তুলে ধরা হয়। নতুন আবাসন নির্মাণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে হাসপাতালের গাইনো বিভাগে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।

যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *