ডিজিটাল ডেস্ক- দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কিছুক্ষণ পরই তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে তারেক রহমানের এই দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০০৮ সালের পর থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন। নানা রাজনৈতিক টানাপোড়েন, মামলা ও আন্দোলনের মধ্য দিয়েই কেটেছে এই দীর্ঘ সময়। অবশেষে দেশে ফিরে সরাসরি রাজনীতির ময়দানে সক্রিয় হওয়ার সম্ভাবনা তৈরি হলো বলে মনে করছে বিএনপি নেতৃত্ব।
তারেক রহমানের আগমন ঘিরে সিলেট থেকে ঢাকা পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমানকে কেন্দ্র করে বিরাট গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা অংশ নেবেন।
বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা দলকে নতুন করে সংগঠিত করতে বড় ভূমিকা নেবে। দীর্ঘদিন ধরে তিনি বিদেশে থেকেও দলীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এবার সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলো।

অন্যদিকে, সাধারণ মানুষের মধ্যেও তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। সমর্থকদের মতে, ১৭ বছর পর তাঁর দেশে ফেরা শুধু বিএনপির জন্য নয়, গোটা দেশের রাজনীতির জন্যই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন দেখার, এই প্রত্যাবর্তন আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে।