SIR Death : SIR আতঙ্কে অসুস্থ বৃদ্ধ, অক্সিজেন নল গুঁজে শুনানিতে হাজির হয়ে মৃত্যু।

জাহেদ মিস্ত্রী,জয়নগর – SIR আতঙ্কে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক বৃদ্ধ। অক্সিজেনের নল গুঁজে শুনানিতে হাজির হয়েও যাতায়াত ও মানসিক চাপ সহ্য করতে না পেরে মৃত্যু হলো দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা নাজিতুল মোল্লার (৬৮)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়াকে ঘিরে দীর্ঘদিনের দুশ্চিন্তা ও শুনানির ধকলই কেড়ে নিল তাঁর প্রাণ।

SIR আতঙ্কে জয়নগরের বৃদ্ধের মৃত্যু

পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়নগর বিধানসভার অন্তর্গত গড়দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরেরচক এলাকার বাসিন্দা নাজিতুল মোল্লা ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকেই তিনি চরম উৎকণ্ঠা ও আতঙ্কে ভুগতে শুরু করেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একসময় অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

এই অবস্থার মধ্যেই নাজিতুল মোল্লার কাছে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিস পৌঁছয়। পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় শুনানিতে যাওয়া তাঁর পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু ভোটার তালিকায় নাম ফেরাতে না পারলে ভবিষ্যতে আরও সমস্যায় পড়তে হতে পারে—এই আশঙ্কায় চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই তিনি শুনানিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন : ভোটে কত কেন্দ্রীয় বাহিনী? ৫ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

চোখে-মুখে ক্লান্তি, নাকে অক্সিজেনের নল—এই অবস্থাতেই তিনি শুনানিতে হাজির হন। শুনানি প্রক্রিয়া শেষ করে ফের তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, “গত কয়েক দিন ধরেই এসআইআর নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। রাতে ঘুমোতে পারতেন না। বারবার বলতেন, যদি নাম না ওঠে তাহলে কী হবে! শুনানির জন্য যে ধকলটা নিতে হয়েছে, সেটাই আর সহ্য করতে পারেননি।” তাঁদের দাবি, এই মৃত্যু স্বাভাবিক নয়, বরং এসআইআর প্রক্রিয়ার মানসিক চাপই এর জন্য দায়ী।

আরো পড়ুন : IPL 2026 : ৯.২০ কোটিতে কেনা মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য KKR।

এই ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, অসুস্থ ও প্রবীণ মানুষের ক্ষেত্রে কি শুনানির পদ্ধতি আরও মানবিক হওয়া উচিত নয়? ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের উপর এমন মানসিক চাপ কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও উঠছে প্রশ্ন।

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যজুড়ে ইতিমধ্যেই উদ্বেগ ও বিতর্ক চলছে। তার মধ্যেই নাজিতুল মোল্লার মৃত্যু নতুন করে সেই বিতর্ককে আরও তীব্র করে তুলল বলে মনে করছেন রাজনৈতিক ও সামাজিক মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *