দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্টুরাম পাখিরা দুর্নীতি পোস্টার প্রকাশিত হওয়ার ঘটনা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। কাকদ্বীপ স্টেশন চত্বর, কাকদ্বীপ বাজার, বিভিন্ন পঞ্চায়েত এলাকা ও জনবহুল স্থানে একাধিক পোস্টার লাগানো হয়েছে, যেখানে বিধায়কের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে।

কাকদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে এবার প্রকাশ্যে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাকদ্বীপ স্টেশন চত্বর, কাকদ্বীপ বাজার, বিভিন্ন পঞ্চায়েত এলাকা ও জনবহুল স্থানে একাধিক পোস্টার লাগানো হয়েছে, যেখানে বিধায়কের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে।
পোস্টারগুলিতে বিধায়ক মন্টুরাম পাখিরার ছবি লাগিয়ে তার উপর বড় করে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। ছবির নিচে লেখা রয়েছে— “এই বিধায়ককে আর আমরা চাই না।” পাশাপাশি পোস্টারের নিচে উল্লেখ করা হয়েছে— “বিক্ষুব্ধ তৃণমূল।” এই লেখার জেরে বিষয়টি আরও রাজনৈতিক গুরুত্ব পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই পোস্টার লাগানো হয়। সকালবেলা সাধারণ মানুষ ও পথচারীরা তা দেখতে পেয়ে ব্যাপক চর্চা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, আবার কেউ কেউ একে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন।
এখনও পর্যন্ত কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট নয়। তবে পুলিশ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। বিভিন্ন জায়গা থেকে পোস্টার সরানোর কাজও শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। বিজেপি এই বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে। বিজেপির দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।
বিজেপি নেতা অশোক পুরকায়েত বলেন, “আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাদের দুর্নীতির কথা বলে আসছি। আজ তাদের দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী এই পোস্টার লাগিয়ে আমাদের অভিযোগকে সত্য প্রমাণ করেছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে দলের ভেতরেই অসন্তোষ রয়েছে।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে ঘিরে কাকদ্বীপ এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষও এখন নজর রাখছে পরবর্তী পদক্ষেপের দিকে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানিয়েছে।
🔗 DN News Bangla Official Facebook → DN News Bangla
🔗 জেলার আরও সংবাদ পড়ুন → দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ সংবাদ