জয়নগরে আত্মীয়কে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনায়। নিজের এক আত্মীয়াকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪৭ বছর বয়সি এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত হরিনারায়ণপুর পঞ্চায়েত এলাকায়।

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর – পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের বাড়ি বারুইপুর থানার পূর্ব বলবলিয়া এলাকায়। আত্মীয়তার সূত্রে দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি নির্যাতিতার বাড়িতে নিয়মিত যাতায়াত করত। অভিযোগ, গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত নানা রকম ভয় ও হুমকি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করে।
ভয় ও সামাজিক চাপে মুখ খুলতে পারেননি নির্যাতিতা
অভিযুক্ত ব্যক্তি আত্মীয় হওয়ায় এবং সামাজিক লজ্জা ও ভয়ের কারণে দীর্ঘদিন ধরে মুখ খুলতে পারেননি নির্যাতিতা। মানসিক চাপে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে রবিবার জয়নগর থানায় হাজির হয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় জয়নগর থানার পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয় এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়।
রাতে অভিযুক্তকে গ্রেফতার পুলিশ
তদন্তের ভিত্তিতে সোমবার গভীর রাতে বারুইপুর থানার পূর্ব বলবলিয়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে জয়নগর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে শক্ত প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।
আরো পড়ুন : কালিকাপুরে গাঁজা উদ্ধার ৫০ কেজি গাঁজা সহ ৩ মহিলা সহ গ্রেফতার ৬
আদালতে তোলা হলে জামিন নাকচ
মঙ্গলবার ধৃত অভিযুক্তকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে অভিযুক্তের জামিনের আবেদন করা হলে মহামান্য বিচারক তা খারিজ করে দেন এবং অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এলাকায় চাঞ্চল্য, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
এই ঘটনায় হরিনারায়ণপুর পঞ্চায়েত সহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, আত্মীয়তার সুযোগ নিয়ে এ ধরনের অপরাধ সমাজের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর।
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে রায়দিঘি থানার আইসি রাজু বিশ্বাস
পুলিশ জানিয়েছে, জয়নগরে আত্মীয়কে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ মামলায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।