গঙ্গাসাগর মেলায় ভয়াবহ দুর্ঘটনা, চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরলেন জগনী দেবী

রুদ্ধশ্বাস এক ঘটনার সাক্ষী রইল এবারের গঙ্গাসাগর মেলা। মৃতপ্রায় অবস্থায় সাগরে পড়ে থাকা এক বৃদ্ধাকে চিকিৎসকদের নিরলস ও মানবিক প্রচেষ্টায় সুস্থ করে তুলে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হল। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কেম্পিয়ারগঞ্জ থানা এলাকার বাসিন্দা প্রায় ষাট বছর বয়সি জগনী দেবী শনিবার নিরাপদে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন।

jagni-devi-gangasagar-treatment-return-up
সঙ্গীরা ছেড়ে গেলেও চিকিৎসকদের আশ্রয়ে প্রাণ বাঁচল বৃদ্ধার

পুণ্যলাভের আশায় প্রতিবেশীদের সঙ্গে গঙ্গাসাগর মেলায় এসেছিলেন জগনী দেবী। ১৪ জানুয়ারি ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিট নাগাদ সাগর এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল। লট নম্বর ৮ এলাকায় লঞ্চে ওঠার সময় আচমকাই পড়ে যান ওই বৃদ্ধা। দুর্ভাগ্যবশত, তাঁর সঙ্গে আসা সঙ্গীরা কোনও খোঁজ না নিয়েই সেখান থেকে চলে যান। দীর্ঘক্ষণ তীব্র ঠান্ডায় পড়ে থাকার ফলে তিনি অচৈতন্য হয়ে পড়েন।

পরে কয়েকজন সহৃদয় মানুষের নজরে পড়ে এই ঘটনা। তাঁরা দ্রুত বৃদ্ধাকে উদ্ধার করে সাগরের অস্থায়ী হাসপাতালে নিয়ে যান। সেখানে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমওএইচ-৩ ডাঃ শ্যামল হালদার, অস্থায়ী হাসপাতালের চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় সহ একাধিক চিকিৎসক জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন।

চিকিৎসার পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অস্থায়ী হাসপাতালের পয়েন্ট ইনচার্জ ডাঃ তাপস সরদার, অতিরিক্ত পয়েন্ট ইনচার্জ ডাঃ মাসুদ আলম, সুপার ডাঃ হীরক রায়, ডাঃ সহস্রনিক ঘোষ, ডাঃ রাই হানা, ডাঃ অর্পণ সাহা এবং ডাঃ শ্বাশত চট্টোপাধ্যায় মিলিতভাবে বৃদ্ধার জন্য শীতের কম্বল, পোশাক, খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন।

প্রথমদিকে অচৈতন্য থাকায় বৃদ্ধার পরিচয় জানা যায়নি। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জগনী দেবী। সেখান থেকেই জানা যায় তাঁর বাড়ির ঠিকানা। এরপর প্রশাসনিক উদ্যোগে উত্তরপ্রদেশের কেম্পিয়ারগঞ্জ থানার পুলিশ আধিকারিক রীতেশ সাহানী ও স্থানীয় পঞ্চায়েত প্রধান গিরিজেশ কুমার যাদবের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরিবারের খোঁজ পেয়ে ছোট ছেলে বীর বাহাদুর ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলেন। এরপর আর সময় নষ্ট না করে তিনি গঙ্গাসাগরে এসে মায়ের দায়িত্ব নেন। সাগরতটে মায়ের সঙ্গে দেখা হতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন বীর বাহাদুর।

১৭ জানুয়ারি ভাঙা মেলা থেকে মায়ের হাত ধরে উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা দেন তিনি। এই ঘটনায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ডাঃ শ্যামল হালদার জানান, “পরিবার পাশে না থাকলেও আমরা মাতৃস্নেহে সমস্ত পরিষেবা দিয়ে তাঁকে সুস্থ করে তুলেছি।”
অন্যদিকে ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন, “একজন বৃদ্ধাকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *