নিজস্ব প্রতিবেদক : নিশা চট্টোপাধ্যায়কে সরানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বালিগঞ্জ বিধানসভা আসনে নতুন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন জনতা উন্নয়ন পার্টি। দলের তরফে জানানো হয়েছে, বালিগঞ্জ কেন্দ্রে লড়াই করবেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। তিনি সম্পর্কে দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের মামা।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আবুল হাসান নিজেই জানান, তিনি আদতে রাজনীতির মানুষ নন। দীর্ঘদিন তিনি পুলিশ বাহিনীতে চাকরি করেছেন এবং প্রশাসনিক কাজের সঙ্গেই যুক্ত ছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবুল হাসান বলেন, “আমি রাজনীতি করার লোক নই। বহু বছর পুলিশে চাকরি করেছি। কিন্তু হুমায়ুন বলেছে দাঁড়াতেই হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

বুধবার কলকাতার বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে বালিগঞ্জের নতুন সম্ভাব্য প্রার্থী আবুল হাসানের সঙ্গে বৈঠক করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। ওই বৈঠকে আসন্ন বিধানসভা ভোট, সংগঠন বিস্তার এবং বালিগঞ্জ কেন্দ্রে দলের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
উল্লেখযোগ্য বিষয় হল, গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জনতা উন্নয়ন পার্টি। সেদিনই হুমায়ুন কবীর আগামী বিধানসভা নির্বাচনের জন্য সম্ভাব্য ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সেই তালিকায় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছিলেন নিশা চট্টোপাধ্যায়। তবে দল গঠনের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই নিশা চট্টোপাধ্যায়কে আর প্রার্থী করা হবে না বলে ঘোষণা করেন হুমায়ুন কবীর।

এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে হুমায়ুন কবীর বলেছিলেন, “সোশ্যাল মিডিয়ায় ওঁর অঙ্গভঙ্গি ভাল নয়। বিধানসভার মতো পবিত্র জায়গায় এঁরা অযোগ্য।” একই সঙ্গে তিনি দাবি করেন, সাত দিনের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে একজন মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সেই ঘোষণার সাত দিনও পেরোয়নি। বুধবারই তিনি জানিয়ে দেন বালিগঞ্জের নতুন সম্ভাব্য প্রার্থীর নাম।
নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে আবুল হাসানকে সামনে আনার ঘটনায় জনতা উন্নয়ন পার্টির অন্দরে যেমন আলোড়ন পড়েছে, তেমনই বিরোধী শিবিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নতুন দল হিসেবে জনতা উন্নয়ন পার্টির এই দ্রুত সিদ্ধান্ত বদল এবং প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী প্রভাব পড়ে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।