IndiGo flight latest news today : দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে রবিবার সকালে। হুমকির জেরে মাঝপথেই ফ্লাইটটি লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে মোট ২৩৮ জন যাত্রী, পাইলট ও ক্রু সদস্য ছিলেন। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নয়া দিল্লি : ইন্ডিগোর ৬ই-৬৬৫০ নম্বর ফ্লাইটটি রবিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেয়। উড়ানের কিছু সময় পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি সতর্কবার্তা আসে। জানানো হয়, বিমানের ভেতরে বোমা থাকার সম্ভাবনা রয়েছে। এই তথ্য পাওয়ার পরই দ্রুত নিরাপত্তা প্রোটোকল মেনে পাইলট সিদ্ধান্ত নেন লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণের।
পুলিশ সূত্রে জানা গেছে, বিমানের শৌচাগারে একটি টিস্যু পেপারে হাতে লেখা একটি বার্তা পাওয়া যায়। সেখানে বিমানে বোমা থাকার কথা উল্লেখ ছিল। ওই বার্তার সূত্র ধরেই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ বিমানটি নিরাপদে লখনউ বিমানবন্দরে অবতরণ করে।
আরো পড়ুন : মালদায় ‘প্রধানমন্ত্রী সূর্যঘর’ প্রকল্প চালুর ঘোষণা মোদীর
অবতরণের পরপরই বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। সিআইএসএফ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং স্থানীয় পুলিশের বিশেষ দল দ্রুত তল্লাশি শুরু করে। বিমানের সমস্ত যাত্রীকে একে একে নামিয়ে নিরাপত্তা স্ক্যানিং করা হয়।
সহকারী পুলিশ কমিশনার রাজনীত ভার্মা জানান, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। তিনি বলেন, “বিমানের টয়লেটে পাওয়া একটি হাতে লেখা নোটের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। বিমান ও যাত্রীদের লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।”
বিমানে মোট ২৩০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২২২ জন প্রাপ্তবয়স্ক এবং ৮ জন শিশু। এছাড়াও ছিলেন ২ জন পাইলট ও ৫ জন কেবিন ক্রু। সকলকে নিরাপদে বিমান থেকে নামানো হয় এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে সহায়তা করা হচ্ছে।
এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য লখনউ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে, এটি ভুয়ো হুমকি না কি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র—তা জানার চেষ্টা চলছে।