জাহেদ মিস্ত্রী, বারুইপুর—দাবি পূরণ না হওয়া ও দীর্ঘদিনের সমস্যার কোনও স্থায়ী সমাধান না মেলায় ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতিতে নেমেছেন পশ্চিমবঙ্গের আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে এই কর্মবিরতি শুরু হয়েছে বলে জানান সংগঠনের নেতৃত্ব। বুধবার বারুইপুরে এই আন্দোলনের ছবি আরও স্পষ্ট হয়ে ওঠে।

রাজ্য জুড়ে মা, শিশু ও সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান আশা কর্মীরা। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি ও ন্যায্য পারিশ্রমিক থেকে তাঁরা দীর্ঘদিন ধরেই বঞ্চিত—এমনই অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন তাঁরা। আশা কর্মীদের দাবি, স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি একাধিক সরকারি দপ্তরের অধীনে তাঁদের কাজ করতে বাধ্য করা হয়। জল পরীক্ষা, খেলাধুলা বা মেলা সংক্রান্ত কাজ, ভোট ও স্কুল পরীক্ষার ডিউটি, ‘দুয়ারে সরকার’ কর্মসূচি—এরকম বহু কষ্টসাধ্য দায়িত্ব পালন করলেও তার জন্য আলাদা কোনও পারিশ্রমিক দেওয়া হয় না।
আন্দোলনরত আশা কর্মীদের অভিযোগ, মাসের পর মাস তাঁদের উৎসাহ ভাতা ও বিভিন্ন কাজের টাকা বকেয়া পড়ে থাকছে। কোনও কোনও ক্ষেত্রে চার মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত টাকা মেলেনি। আবার টাকা দেওয়া হলেও তা ভাগে ভাগে দেওয়ার ফলে সঠিক হিসেব মিলছে না। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা যেন নিয়মে পরিণত হয়েছে বলে দাবি তাঁদের।

আশা কর্মীরা জানান, এমনিতেই তাঁদের ভাতা খুবই সামান্য। সেই সামান্য টাকাতেই বেশিরভাগ কর্মীর সংসার চলে। সরকারি উদাসীনতার জেরে সারা বছরই তাঁদের পরিবারে আর্থিক অনটন লেগে থাকে। এর পাশাপাশি নতুন নতুন নির্দেশ জারি করে কাজের চাপ ক্রমাগত বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ। বহুবার এই বঞ্চনার কথা প্রশাসন ও সরকারের বিভিন্ন মহলে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান হয়নি।
পশ্চিমবঙ্গ AUTCI সংগঠনের সেক্রেটারি ইসমাতারা খাতুন বলেন, “আজ আমাদের কর্মবিরতির নবম দিন। বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার কোনও কার্যকরী পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই আমরা আবার আমাদের দাবিগুলি সরকারের সামনে তুলে ধরছি।”
আরও পড়ুন : নির্বাচন কমিশনের বিরুদ্ধে ১০ প্রশ্নবাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আন্দোলনরত আশা কর্মীদের দাবিগুলির মধ্যে রয়েছে—
৫২৫০ টাকা নয়, অবিলম্বে বেঁচে থাকার মতো উপযুক্ত ভাতা বৃদ্ধি; চার মাসের ইন্সেন্টিভ ও এক বছরের PLI-সহ সমস্ত বকেয়া টাকা দ্রুত মেটানো; মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করানো বন্ধ করা; কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা কর্মীর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ; ইন্সেন্টিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করা; সরকার ঘোষিত সমস্ত ছুটি কার্যকর করা; কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইন্সেন্টিভ দ্রুত চালু করা এবং RI, BCG, DOT, লেপ্রসি, ফাইলেরিয়া, পোলিও, লিগেশন, PMMVY-সহ সমস্ত বরাদ্দ টাকা সরাসরি ও সময়মতো আশা কর্মীদের অ্যাকাউন্টে পাঠানো।
![]()
এই দাবিগুলি পূরণ না হওয়ায় ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বুধবার বারুইপুর এসডিও অফিস ও বারুইপুর মহকুমা হাসপাতালে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত ধরনা ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে। আশা কর্মীদের সাফ কথা—দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র হবে।