Abhishek Banerjee : আলিপুরদুয়ারে ‘পাঁচে পাঁচ’ টার্গেট, বুথে বুথে জয়ের ডাক অভিষেকের।

আলিপুরদুয়ার- ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে দলের নেতা–কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ—আলিপুরদুয়ারে “পাঁচে পাঁচ” করতে হবে। অর্থাৎ জেলার পাঁচটি বিধানসভা আসনেই তৃণমূলকে জিততে হবে। বিজেপিকে উপযুক্ত শিক্ষা দিতে বুথে বুথে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

‘এক দেশ, এক ভোট হতে দেব না’

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন অভিষেক। সেখানেও তিনি নির্দিষ্ট টার্গেট বেঁধে দিয়েছিলেন। প্রচারের দ্বিতীয় দিনেই উত্তরবঙ্গে এসে আলিপুরদুয়ারে একই বার্তা আরও জোরালোভাবে তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সভা থেকে তিনি বলেন, “বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে। আর সেই শিক্ষা দিতে হলে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়াতে হবে।”

উত্তরবঙ্গে এবারের নির্বাচনে ভালো ফলের জন্য বিশেষ জোর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সভা থেকে তিনি বিজেপিকে “আনম্যাপ” করে দেওয়ার ডাক দেন। তাঁর দাবি, বিজেপি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং তার মোকাবিলা করতে পারে একমাত্র তৃণমূলই। অভিষেক বলেন, “তৃণমূলই একমাত্র বিজেপিকে জব্দ করতে পারে। বিজেপির থেকে বেশি জেদ আমার।”

‘ইডি–সিবিআই লাগাও, জিতবে বাংলাই’

এক দেশ, এক ভোট প্রসঙ্গেও তীব্র আক্রমণ শানান অভিষেক। তিনি বলেন, “এক দেশ, এক ভোটের যে চক্রান্ত চলছে, তা কোনও মতেই হতে দেব না। সংসদে এই আইন পাশ করতে দেব না।” তাঁর অভিযোগ, এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে বিজেপি। অভিষেকের কথায়, “একবার যদি এক দেশ, এক ভোট চালু হয়ে যায়, তখন ভোটারদের আর কিছু বলার থাকবে না।”

বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করে অভিষেক বলেন, “মানুষের অধিকার ছিনিয়ে নিতে চায় বিজেপি। এবার সবক শেখানোর ভোট। সর্বশক্তি দিয়ে তৃণমূলকে জেতান।” সভামঞ্চ থেকেই দলীয় নেতা-কর্মীদের সংগঠিত হয়ে লড়াইয়ে নামার নির্দেশ দেন তিনি।

বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে কটাক্ষ করতেও ছাড়েননি অভিষেক। সরাসরি নাম করে তিনি বলেন, “মনোজ টিগ্গাকে কখনও আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ আর কালসাপ—দুটোই এক।” এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী–সমর্থকদের মধ্যে তীব্র উচ্ছ্বাস দেখা যায়।

SIR ইস্যুতে বিজেপিকে নিশানা, ভোটাধিকার রক্ষার ডাক তৃণমূলের

এসআইআর (Special Intensive Revision) প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে আরও এক দফা অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি, “বিজেপি এখন এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কাল মানুষ যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন, তারও ব্যবস্থা করবে।” অভিষেকের হুঁশিয়ারি, “এদের ছেড়ে দিলে চলবে না। বিজেপি এখন এক দেশ, এক ভোটের দিকে এগোচ্ছে।”

এরপরেই আলিপুরদুয়ারের বুথভিত্তিক লক্ষ্যের কথা তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, বিজেপিকে আটকাতে আলিপুরদুয়ারের সাড়ে চারশোটি বুথের প্রতিটিতেই তৃণমূলকে জিততে হবে। তাঁর কথায়, “প্রতিটি বুথে জিতলেই বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে।”

তৃণমূল ও বিজেপির উন্নয়ন মডেলের তুলনা টেনে অভিষেক বলেন, “ধরুন দুটো মডেল—তৃণমূল আর বিজেপি। তৃণমূলের মডেল হল, আপনারা না জিতালেও কাজ বন্ধ হবে না। উন্নয়ন থামবে না। কিন্তু বিজেপি কী করে? উন্নয়ন থামিয়ে দেয়।” তিনি অভিযোগ করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হারের পর বিজেপি বাংলার সঙ্গে বঞ্চনা করছে। “১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে,” বলেন তিনি।

আলিপুরদুয়ারের উদাহরণ টেনে অভিষেক বলেন, “গত বিধানসভা নির্বাচনে আমরা এখানে পাঁচটি আসনেই হেরেছি। কিন্তু একজন মা-বোন লক্ষ্মীর ভাণ্ডার পাননি—এমন কেউ দেখাতে পারবেন? অথচ বিজেপি হেরে যাওয়ার পর সব প্রকল্পের টাকা আটকে দিয়েছে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য।”

চা বাগান প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, “২০১৬ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন চা বাগান খুলবে। ১০ বছরে খোলা তো দূরের কথা, চা বাগানে নোটিশ পর্যন্ত যায়নি।”

সভা থেকে আলিপুরদুয়ারবাসীর উদ্দেশে চূড়ান্ত বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “ইডি, সিবিআই, সিআরপিএফ, জুডিশিয়ারি, ইনকাম ট্যাক্স—যা খুশি লাগাও। জিতবে বাংলাই।” এই জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে বলেও জানান তিনি। তাঁর কথায়, “এই জায়গা আগে মহকুমা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একে জেলা করেছে। পাঁচ আসনেই জিততে হবে। বাংলাকে জেতাতে হবে।”

 

সবশেষে অভিষেক বলেন, “তৃণমূল থাকলে বিরোধীরা কুপোকাত, ঘরে ঘরে দু’মুঠো ভাত। কী চান, সেটা আপনাদেরই বেছে নিতে হবে।” ছাব্বিশের ভোটকে সামনে রেখে এই বক্তব্যে স্পষ্ট, উত্তরবঙ্গ বিশেষ করে আলিপুরদুয়ারকে পাখির চোখ করেই এগোচ্ছে তৃণমূল নেতৃত্ব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *