ব্যতিক্রমী শ্রদ্ধার্ঘ্য: স্বামীজির মূর্তির পরিচর্যায় ‘বাইক অক্সিজেন ম্যান’

স্বামী বিবেকানন্দের জন্মদিনে কুচবিহারে নিজ হাতে মূর্তি পরিষ্কার ও রং করলেন শংকর রায়

আবির সিংহ,কুচবিহার – যুগনায়ক মহামানব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন উপলক্ষে এক অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল কুচবিহার। স্বামীজির আদর্শকে স্মরণ করে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কুচবিহারের ‘বাইক অক্সিজেন ম্যান’ নামে পরিচিত সমাজকর্মী শংকর রায় নিজ হাতে স্বামী বিবেকানন্দের মূর্তি পরিষ্কার ও রং করে নতুন রূপে তুলে ধরলেন। আগামী ১২ জানুয়ারি ২০২৬ স্বামী বিবেকানন্দের জন্মদিনের ঠিক দু’দিন আগেই এই কর্মসূচি সম্পন্ন হয়।

মহান মানুষদের স্মরণে নিঃস্বার্থ উদ্যোগ কুচবিহারের শংকর রায়ের

কুচবিহার শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিটি দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছেন শংকর রায়। জন্মদিন ও প্রয়াণ দিবস এলেই শুধু নয়, প্রায় প্রতি মাসেই তিনি নিজ উদ্যোগে মূর্তিটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। এদিন সকালে জল দিয়ে মূর্তিটি ধুয়ে ময়লা পরিষ্কার করার পর নিজের হাতে রংতুলি চালিয়ে মূর্তিটিকে নতুন করে প্রাণবন্ত করে তোলেন তিনি।

আরো পড়ুন : ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট! পুলিশের জালে ভাটপাড়ার রিয়া

এই মহতী উদ্যোগে শংকর রায়ের পাশে দাঁড়ান সমাজকর্মী অভিজিৎ অধিকারী। দু’জনে মিলেই দীর্ঘ সময় ধরে এই কাজ সম্পন্ন করেন। তাঁদের মতে, সরকারি বা প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণেই সমাজ ও ইতিহাসের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রকাশ পায়।

শংকর রায় জানান, “স্বামী বিবেকানন্দ শুধু একজন ধর্মগুরু নন, তিনি একজন যুগপুরুষ। তাঁর আদর্শ, চিন্তাধারা ও দেশপ্রেম আজও আমাদের পথ দেখায়। নতুন প্রজন্ম যেন তাঁর অবদান ভুলে না যায়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।” তিনি আরও জানান, সামাজিক মাধ্যমের মাধ্যমে এই উদ্যোগের ছবি ও বার্তা ছড়িয়ে দিয়ে মানুষকে স্বামী বিবেকানন্দের জন্মদিন সম্পর্কে সচেতন করার চেষ্টা করেন তিনি।

আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কুচবিহারে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি স্বামীজির আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন শংকর রায় ও তাঁর সহযোগীরা।

আরো পড়ুন : ভোটের মুখে ইডির আইপ্যাক-অভিযান , প্রতিবাদে রাজপথে মমতা

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, বর্তমান সময়ে যখন বহু মানুষ ইতিহাস ও মহাপুরুষদের অবদান ভুলতে বসেছে, তখন শংকর রায়ের মতো মানুষেরা সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠেন। তাঁদের মতে, এই ধরনের নিঃস্বার্থ সামাজিক কাজ আগামী প্রজন্মকে দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *