কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং – দক্ষিণ ২৪ পরগণা সেল্ফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের দ্বাদশতম বার্ষিক সম্মেলন শনিবার যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো। জয়নগর এক নম্বর ব্লকের ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোসা বাজার এলাকায় আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক স্বনিযুক্ত ল্যান্ড সার্ভেয়ার উপস্থিত ছিলেন। সম্মেলনস্থল জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ঐক্যের আবহ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই বার্ষিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল স্বনিযুক্ত ভূমি জরিপকারীদের দীর্ঘদিনের পেশাগত সমস্যা, প্রশাসনিক জটিলতা, কাজের স্বীকৃতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা। সম্মেলনে সংগঠনের বার্ষিক কার্যবিবরণী পেশ করা হয় এবং আর্থিক হিসাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা এবং আগামী দিনে আন্দোলন ও কর্মসূচির রূপরেখা নির্ধারণ করা হয়।
আরো পড়ুন : ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট! পুলিশের জালে ভাটপাড়ার রিয়া
সম্মেলনে উপস্থিত অভিজ্ঞ ল্যান্ড সার্ভেয়াররা তাঁদের বাস্তব কাজের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তাঁরা বলেন, প্রশাসনিক স্তরে নানা জটিলতার কারণে স্বনিযুক্ত সার্ভেয়ারদের কাজ করতে প্রায়শই সমস্যার মুখে পড়তে হয়। কাজের যথাযথ স্বীকৃতি, পেশাগত সুরক্ষা এবং ন্যায্য পারিশ্রমিক পাওয়ার বিষয়েও তাঁরা জোর দেন। তাঁদের বক্তব্য ও দিকনির্দেশনা উপস্থিত সদস্যদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
ইউনিয়নের সভাপতি শিশির কুমার মিস্ত্রি তাঁর বক্তব্যে বলেন, “স্বনিযুক্ত ল্যান্ড সার্ভেয়াররা দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সম্মেলনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি ও সমস্যাগুলি তুলে ধরব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব।” তিনি আরও বলেন, সংগঠনের শক্তি বাড়লে সার্ভেয়ারদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব হবে।
আরো পড়ুন : ভোটের মুখে ইডির আইপ্যাক-অভিযান , প্রতিবাদে রাজপথে মমতা
ইউনিয়নের সম্পাদক যুধিষ্ঠির নিয়োগী বলেন, এই বার্ষিক সম্মেলন শুধুমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং এটি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। জেলা সভাপতি মানিক চন্দ্র গায়েন এবং জেলা সহ-সভাপতি ইসমাইল মোল্লা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শিশির কুমার মিস্ত্রি, সম্পাদক যুধিষ্ঠির নিয়োগী, জেলা সভাপতি মানিক চন্দ্র গায়েন, জেলা সহ-সভাপতি ইসমাইল মোল্লা, জেলা সহ-সম্পাদক আকরামুল মোল্লা, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার নস্কর, সহ-সম্পাদক মোকারম মল্লিক, জাকির হোসেন লস্কর, মেম্বার উদয় ভানু সহ বিভিন্ন ব্লক থেকে আগত বহু সদস্য।
/p>
উপস্থিত সদস্যদের মতে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দ্বাদশতম বার্ষিক সম্মেলন একটি মিলনক্ষেত্রে পরিণত হয় এবং ভবিষ্যতের লড়াইয়ের জন্য নতুন দিশা দেখিয়ে গেল। সংগঠনের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণই এই সম্মেলনকে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।