আমেরিকা – আটলান্টিক মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় এক নাটকীয় ও রুদ্ধশ্বাস অভিযানের সাক্ষী থাকল গোটা বিশ্ব। রাশিয়ার পতাকা লাগানো একটি তেলবাহী জাহাজকে দীর্ঘদিন ধরে তাড়া করে শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করল আমেরিকা। এই ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা ও রাশিয়ার মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বাজেয়াপ্ত হওয়া জাহাজটির নাম ‘মারিনেরা’। তবে তদন্তে উঠে এসেছে, এর আসল নাম ছিল ‘বেলা-১’। আমেরিকার নিষেধাজ্ঞা এড়াতেই নাম পরিবর্তন করা হয়েছিল বলে অভিযোগ।

বুধবার আটলান্টিক মহাসাগরের উত্তর অংশে, উত্তর সাগরে এই জাহাজটিকে আটক করে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে, গত প্রায় দুই সপ্তাহ ধরে গোপনে জাহাজটির গতিবিধির উপর নজর রাখছিল আমেরিকার সেনা ও গোয়েন্দা সংস্থা। শেষ পর্যন্ত আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি বাজেয়াপ্ত করা হয়।
জাহাজটিকে রক্ষা করতে শেষ মুহূর্তে রাশিয়া নিজেদের নৌবাহিনী নামালেও কোনও লাভ হয়নি। এমনকি একটি সাবমেরিনও পাঠানো হয় বলে জানা গিয়েছে। তবে সাবমেরিনটি নির্দিষ্ট সময়ে জাহাজটির কাছে পৌঁছতে না পারায় সরাসরি সামরিক সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গিয়েছে, যখন আমেরিকার উপকূলরক্ষী বাহিনী ‘মারিনেরা’-র দখল নেয়, তখন আশপাশে কোনও রুশ যুদ্ধজাহাজ ছিল না।
জাহাজ বাজেয়াপ্ত হওয়ার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজে থাকা রুশ নাগরিকদের সঙ্গে যেন কোনও রকম অমানবিক আচরণ না করা হয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাঁদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয়। একই সঙ্গে রাশিয়ার পরিবহণ মন্ত্রক আমেরিকার এই পদক্ষেপকে “অবৈধ ও আগ্রাসী” বলে আখ্যা দিয়েছে।
আরো পড়ুন : মোদীর ফোন না-পাওয়াতেই কি ভেস্তে গেল ভারত–আমেরিকা বাণিজ্যচুক্তি?
রাশিয়ার দাবি, ১৯৮২ সালে রাষ্ট্রপুঞ্জের অধীনে গৃহীত ‘সমুদ্র আইন’ অনুযায়ী, বৈধ নথিপত্র থাকা কোনও জাহাজ যদি অন্য রাষ্ট্রের অধীনে থাকে, তবে তাতে বলপ্রয়োগের অধিকার নেই কোনও দেশের। যদিও আমেরিকা এই আইনে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে বহু ক্ষেত্রে সেটিকে প্রচলিত আন্তর্জাতিক বিধি হিসেবে মান্যতা দিয়ে থাকে। এই দ্বিচারিতাই আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলছে বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।
আমেরিকার সেনার ইউরোপীয় কম্যান্ড সামাজিক মাধ্যমে এই অভিযানের সত্যতা স্বীকার করেছে। তারা জানিয়েছে, আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহণ করছিল বলেই বিচার বিভাগ, নিরাপত্তা বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগের যৌথ উদ্যোগে জাহাজটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে আমেরিকাকে সক্রিয়ভাবে সাহায্য করেছে ব্রিটেনও।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আমেরিকার অনুরোধে প্রাক-অভিযান পরিকল্পনায় সহযোগিতা করা হয়। বিশেষ করে ব্রিটেন-আইসল্যান্ড-গ্রিনল্যান্ড করিডোরে জাহাজটির গতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ব্রিটিশ সশস্ত্র বাহিনী। এই করিডোর দিয়েই জাহাজটি নিরাপদে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা যায়।
আরো পড়ুন : ৩০০ মিটার গভীর খাদে যাত্রীবোঝাই বাস, হিমাচলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭
আমেরিকার অভিযোগ, ‘মারিনেরা’ রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ। এই শ্যাডো ফ্লিট মূলত নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহণের জন্য ব্যবহৃত হয়। আরও অভিযোগ, জাহাজটির সঙ্গে ভেনিজুয়েলার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। ভেনিজুয়েলার তেল রাশিয়ার মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করা হচ্ছিল বলে সন্দেহ।
সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক তথ্যভাণ্ডার থেকে জানা গিয়েছে, জাহাজটি উত্তর-পূর্ব অভিমুখে এগোচ্ছিল। তবে ঠিক কোন বন্দরের দিকে যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, সেটি হয় বাল্টিক সাগরের কোনও রুশ বন্দরের দিকে যাচ্ছিল, নয়তো মেরু অঞ্চলের কোনও ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
রাশিয়ার পরিবহণ মন্ত্রক আরও জানিয়েছে, আমেরিকার হাতে জাহাজটি চলে যাওয়ার পর ‘মারিনেরা’-র সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাশিয়ার শাসক দল ইউনাইটেড রাশিয়া পার্টির নেতা আন্দ্রেই ক্লিশাস কড়া ভাষায় আমেরিকার সমালোচনা করে বলেন, “আমেরিকা জলদস্যুর মতো আচরণ করছে। আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করেই তারা এই কাজ করেছে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার এবং ভেনিজুয়েলার বিরুদ্ধে একাধিক সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপের পর এবার সরাসরি রাশিয়ার পতাকা লাগানো জাহাজ বাজেয়াপ্ত করে আমেরিকা বিশ্ব রাজনীতিতে বড় বার্তা দিল। যদিও জাহাজটিকে কোথায় নিয়ে যাওয়া হবে বা ভবিষ্যতে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়।
এদিকে শুধু ‘মারিনেরা’ নয়, একই দিনে ভেনিজুয়েলার সঙ্গে সংযোগ থাকা আরও একটি তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করেছে আমেরিকা। পানামার পতাকা লাগানো ‘এম সোফিয়া’ নামের একটি সুপার ট্যাঙ্কার আমেরিকার দক্ষিণ কম্যান্ডের অভিযানে আটক করা হয়। এই জাহাজটিও আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় ছিল। জানুয়ারির শুরুতে ভেনিজুয়েলা থেকে যাত্রা শুরু করে চিনের উদ্দেশ্যে যাচ্ছিল জাহাজটি। অভিযোগ, সেটির ট্রান্সপন্ডার বন্ধ করে গোপনে চলাচল করা হচ্ছিল।
সব মিলিয়ে, আটলান্টিক মহাসাগরে এই রুদ্ধশ্বাস অভিযান আন্তর্জাতিক কূটনীতি, সামরিক কৌশল এবং নিষেধাজ্ঞা রাজনীতির এক নতুন অধ্যায় খুলে দিল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।