প্রায় ১৭০০ কোটি টাকার ‘গঙ্গাসাগর সেতু’র শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঋত্বিক দাস , গঙ্গাসাগর – আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে চলেছে পুণ্যার্থীদের মহাসমাগম—গঙ্গাসাগর মেলা। তার আগেই সাগরদ্বীপবাসীর বহুদিনের স্বপ্নের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপর বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে যেমন আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন, তেমনই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

‘ভিক্ষা চাই না, নিজেরাই করব’—মুখ্যমন্ত্রী

শিলান্যাস অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী বলেন, এই সেতু তৈরি হলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আমূল বদলে যাবে। ফেরিঘাটে দীর্ঘ অপেক্ষা, যানজট এবং নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় মানুষ ও পুণ্যার্থীরা। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়াও অনেক সহজ হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “এই সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, সাগরদ্বীপের সামগ্রিক উন্নয়নের দিশা বদলে দেবে।”

আরো দেখুন : বিজেপি নেতার বাড়িতে রাজ্যের মন্ত্রী, বেরোতেই তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই তীব্র কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুড়িগঙ্গা নদী একটি জাতীয় জলপথ। সেই কারণে ওই নদীর উপর সেতু নির্মাণ করতে গেলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জাতীয় জলপথ কর্তৃপক্ষের (NOC) অনুমোদন বাধ্যতামূলক। শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকার এখনও পর্যন্ত সেই অনুমোদনের কোনও প্রক্রিয়াই শুরু করেনি। তিনি বলেন, “আমি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, রাজ্যের তরফে জাতীয় জলপথের NOC নেওয়ার জন্য কোনও আবেদনই করা হয়নি।”

এখানেই থামেননি বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “শুধু ঘোষণা করলেই হবে না। কাজের জন্য ওয়ার্ক অর্ডার দেখাতে হবে, টেন্ডার হয়েছে কি না, জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে কি না—সব প্রশ্নের উত্তর দিতে হবে। সামনে ভোট আছে বলেই মানুষকে স্বপ্ন দেখানো হচ্ছে। গঙ্গাসাগরে বিজেপি সরকার এলে, রামেশ্বরমের মতো বড় ব্রিজ কেন্দ্রের টাকায় তৈরি হবে। এই ব্রিজ রাজ্য সরকার করতে পারবে না।”

বিরোধী দলনেতার এই অভিযোগকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংক্ষিপ্ত অথচ তীব্র মন্তব্য করে তিনি বলেন, “আরে ছাড়ুন তো। যারা কিছু করে না, তারা শুধু কথা বলে। আমরা মুখে বলি না, কাজে করে দেখাই।” মুখ্যমন্ত্রীর সংযোজন, “আমাদের এত কাজ থাকে যে কাজের মধ্যেই ডুবে থাকতে হয়। যারা কাজ করে না, তারাই অকাজ করে বেড়ায়।”

গঙ্গাসাগরে একসঙ্গে ৯৬টি উন্নয়ন প্রকল্পের সূচনা

এদিন শিলান্যাস মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, প্রায় ১,৭০০ কোটি টাকা খরচ করে সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগেই এই সেতু নির্মাণ করা হবে। তাঁর দাবি, অতীতে বহুবার কেন্দ্রের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হলেও কোনও সাড়া মেলেনি। তাই শেষ পর্যন্ত রাজ্য সরকারই এই প্রকল্পের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “ভিক্ষা চাওয়ার লোক আমরা নই। মানুষকে কষ্ট থেকে মুক্তি দিতে হলে নিজেরাই উদ্যোগ নেব।”

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর উপর প্রায় ৪.৭৫ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের অত্যাধুনিক সেতু তৈরি হবে। এই সেতু কাকদ্বীপের ৮ নম্বর লট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়াকে যুক্ত করবে। সেতু তৈরি হয়ে গেলে সরাসরি গাড়ি নিয়ে গঙ্গাসাগরে পৌঁছনো সম্ভব হবে। ফলে পুণ্যার্থী, পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী—সবাই উপকৃত হবেন বলে রাজ্যের দাবি।

মুখ্যমন্ত্রী জানান, এই সেতুর ফলে সাগরদ্বীপে ব্যবসার সুযোগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। কৃষিজাত পণ্য সহজে ও কম খরচে বাজারে পৌঁছবে, পর্যটনের প্রসার ঘটবে এবং দুর্যোগের সময় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হবে। তাঁর কথায়, “সাগরদ্বীপের জীবনযাপনটাই বদলে যাবে।”

প্রায় ১৭০০ কোটি টাকায় চার লেনের গঙ্গাসাগর সেতু

শিলান্যাসের পাশাপাশি এদিন গঙ্গাসাগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ‘সাগরকন্যা’ নামে ১০০ শয্যা বিশিষ্ট একটি ডরমেটরি উদ্বোধন করা হয়। এছাড়াও মোট ৩৯৪ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে ৯৬টি প্রকল্পের সূচনা হয়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই পূর্ত দফতর এবং লারসেন অ্যান্ড টুব্রো (L&T)-র মধ্যে চুক্তিপত্র বিনিময় হয়।

এদিনের অনুষ্ঠানে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিও ছিল। সবুজসাথীর সাইকেল, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং বাকি জমিও দ্রুত অধিগ্রহণ করা হবে। দু’বছরের মধ্যেই সেতুর কাজ শেষ করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

দোরগোড়ায় গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। সেই আবহেই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। উন্নয়ন বনাম অনুমোদনের প্রশ্নে রাজ্য-রাজনীতির এই টানাপড়েন আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *