Mamamta Banerjee : ১৬৭০ কোটি টাকার ‘স্বপ্নের সেতু’ গঙ্গাসাগরে, আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

ঋত্বিক দাস, গঙ্গাসাগর – আজ গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা পরিদর্শনের পাশাপাশি মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত বহুল প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী । এই উপলক্ষে সাগরদ্বীপজুড়ে চরম উৎসাহ ও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

আগামী চার বছরের মধ্যে গঙ্গাসাগর সেতুর নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য                    ছবি – ফাইল

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হেলিপ্যাড চত্বর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য পুলিশ, জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত প্রতিটি রাস্তায় কড়া নজরদারি চলছে। আজ দুপুর প্রায় দু’টো নাগাদ হেলিকপ্টারে গঙ্গাসাগরে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভায় ১০ থেকে ১৫ হাজার সাগরদ্বীপবাসীর উপস্থিতি থাকতে পারে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ সভাস্থলের দিকে আসতে শুরু করেছেন। দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রীকে কাছে পাওয়ার উচ্ছ্বাস স্পষ্ট দ্বীপবাসীদের মধ্যে।

আরো পড়ুন : ভোটে কত কেন্দ্রীয় বাহিনী? ৫ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও কচুবেড়িয়ার যাতায়াতের স্বপ্ন বাস্তবায়নের জন্য তৈরি হচ্ছে ‘গঙ্গাসাগর সেতু’। এই সেতুর নির্মাণে খরচ হবে প্রায় ১,৬৭০ কোটি টাকা। দীর্ঘ ৪.৭৫ কিলোমিটারের এই সেতুতে থাকবে চারটি লেন। বর্তমানে নদীপথই একমাত্র যাতায়াতের মাধ্যম, যার ওপর নির্ভর করতে হয় স্টিমার ও নৌকার। বর্ষার সময় বা নদীর জল উপচে পড়লে সাধারণ মানুষের চলাচলে বড় সমস্যা তৈরি হতো। এই সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকার কেন্দ্রে বারবার আর্থিক সাহায্য চেয়েছিল সেতু নির্মাণের জন্য।

কিন্তু কেন্দ্র বরাবরই সেতু প্রকল্পে অনাগ্রহ দেখিয়েছে বলে অভিযোগ শাসকদলের। শেষ পর্যন্ত ২০২৩ সালে গঙ্গাসাগর মেলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন। দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে এই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে।

আরো পড়ুন : ‘কালীঘাট জন্মভূমি, দক্ষিণ ২৪ পরগনা কর্মভূমি’—অভিষেকবন্দ্যোপাধ্যায়।

আজ, সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রী সেতুর শিলান্যাস করবেন। এটি হবে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি বহু চর্চিত সেতু, যা কাকদ্বীপ থেকে কচুবেড়িয়ার পথকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে রূপান্তরিত করবে। ফলে গঙ্গাসাগরে পূর্ণ্যার্থী, পর্যটক ও সাগরদ্বীপের ৪৩টি গ্রামের বাসিন্দাদের যাতায়াত অনেকটাই সহজ হবে।

সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। প্রকল্পটি সম্পূর্ণ করতে ধার্য করা হয়েছে চার বছরের সময়। ইতিমধ্যেই সেতুর নকশা প্রস্তুত। মুখ্যমন্ত্রীর এই শিলান্যাস কাকদ্বীপ ও সাগরদ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দিকে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনের দোরগোড়ায় হওয়ায় রাজনৈতিক দিক থেকেও শাসকদলের জন্য এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *