তপন কুমার দাস , রায়দিঘি – দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত কাশীনগর এলাকার তেলিপুকুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত গৃহবধূর নাম রীতা পাঠক (৩২)। অভিযোগ, মাথায় হাতুড়ির আঘাতে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী অপূর্ব পাঠক পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ওই দম্পতি কাশীনগরের তেলিপুকুর এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করেছিলেন। দাম্পত্য জীবনে তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত বলে দাবি প্রতিবেশীদের। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে ঘরের ভিতরে ঢুকে রীতার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।
রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট।