ভোটে কত কেন্দ্রীয় বাহিনী? ৫ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

দিল্লি- ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? সেই বাহিনী ঠিক কীভাবে কাজে লাগানো হবে? রাজ্যে কি ভোট পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে রাজ্য পুলিশের হাতেই, নাকি সরাসরি মাইক্রো অবজারভারদের নির্দেশে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলতে পারে ৫ জানুয়ারি। ওই দিনই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে সূত্রের খবর।

SIR-এর পর প্রথম ভোট, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে জোর জল্পনা

আগামী সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। ওই বৈঠকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ব্যবহারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে। বিশেষ করে আসন্ন নির্বাচনে বাহিনী ঠিক কী ভূমিকা পালন করবে, তা নিয়েই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

কারণ, বিগত পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। বিরোধী দলগুলির অভিযোগ ছিল, পর্যাপ্ত সংখ্যক বাহিনী রাজ্যে এলেও তাদের কার্যকরভাবে ব্যবহার করা হয়নি। বুথের ভিতরে না থেকে অনেক জায়গায় বাহিনীকে রাস্তায় বা বাসে বসে থাকতে দেখা গিয়েছে। এমনকি “বিরিয়ানি খেয়ে রিল্যাক্স করা” থেকে শুরু করে ভোটের দিনে পর্যটনে বেরিয়ে পড়ার মতো অভিযোগও সামনে এসেছিল।

আরো পড়ুন : EVM নয়, ভোটার তালিকায় চুরি হচ্ছে: অভিষেকের চাঞ্চল্যকর অভিযোগ।

এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায়,
“আমরা বারবার দাবি করেছি যাতে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকে। কিন্তু বাস্তবে দেখা গেছে, ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। আর বুথের ভিতরে দিব্যি ভোট লুঠ হয়। আমাদের সামনেই এই ঘটনা বহুবার ঘটেছে। বাহিনী যথেষ্ট সংখ্যায় আসে, কিন্তু বুথের ভিতরে কী হচ্ছে সেটা দেখাই তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।”

এই অভিজ্ঞতার পরই প্রশ্ন উঠছে—এবার কি পরিস্থিতির বদল হবে? সূত্রের খবর, নির্বাচন কমিশন এবার কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর ও নির্দিষ্ট নির্দেশিকা আনতে পারে। বুথের দরজায় নয়, বরং বুথের ভিতরে বাহিনী থাকবে কি না, তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।

আরো পড়ুন : ‘কালীঘাট জন্মভূমি, দক্ষিণ ২৪ পরগনা কর্মভূমি’—অভিষেকবন্দ্যোপাধ্যায়।

এবারের ভোট আরও গুরুত্বপূর্ণ, কারণ SIR প্রক্রিয়া সম্পূর্ণ করে সংশোধিত ভোটার তালিকায় প্রথমবার ভোট হতে চলেছে রাজ্যে। ফলে ভোটার যাচাই বা স্ক্রুটিনির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ভোটের লাইনে দাঁড়িয়েই কি ভোটার তালিকা ধরে ধরে যাচাই হবে? সেই যাচাইয়ের দায়িত্ব কি কেন্দ্রীয় বাহিনীর কাঁধেই পড়বে? এই প্রশ্নগুলিও বৈঠকে উঠতে পারে বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন : ভাঙড়ে আইএসএফ–তৃণমূল সংঘর্ষ, আহত উভয় পক্ষের একাধিক।

এতদিন বিরোধীদের অভিযোগ ছিল—বুথের বাইরে বাহিনী থাকলেও ভিতরে কার্যত শাসক দলের নিয়ন্ত্রণেই ভোট হয়েছে। বহু জায়গায় বিরোধী দলের বুথ এজেন্ট অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এর ফলেই অবাধে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ। এবার সেই অভিযোগের পুনরাবৃত্তি আটকাতে নির্বাচন কমিশন কতটা কঠোর পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

সব মিলিয়ে, সোমবারের দিল্লির বৈঠক রাজ্যের ভোট পরিচালনার ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নির্ধারণেই যে আগামী নির্বাচনের নিরপেক্ষতা অনেকটাই নির্ভর করছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *