কলকাতা – শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সে (KKR) আর খেলতে দেখা যাবে না বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। আইপিএল ২০২৬-এ মুস্তাফিজকে খেলানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই বিস্তর বিতর্ক চলছিল, আর সেই বিতর্কেই এবার সরাসরি হস্তক্ষেপ করল বিসিসিআই।

সূত্রের খবর, মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এবারের আইপিএল নিলামে মোট সাতজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে একমাত্র মুস্তাফিজুর রহমানই দল পান। তাঁকে ৯.২০ কোটি টাকায় দলে নিয়েছিল শাহরুখ খানের কেকেআর। কিন্তু নিলামের পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক।
বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। সেই আবহে একজন বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে খেলা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ পায়। এমনকি কেকেআরের মালিক শাহরুখ খানকেও হুমকির মুখে পড়তে হয় বলে খবর। এই পরিস্থিতিতে প্রথমে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিলেও শেষ পর্যন্ত বিসিসিআই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল।
আরো পড়ুন : তারকেশ্বর শাখায় বাতিল ২০টি লোকাল ট্রেন।
সংবাদসংস্থা এএনআই-কে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতি ও সার্বিক বিষয় বিবেচনা করেই কেকেআর-কে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি কেকেআরকে জানানো হয়েছে, তারা চাইলে মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনও বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে।
এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও কি ভবিষ্যতে আইপিএলে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে? প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার পর থেকেই কোনও পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাননি। এবার কি একই পথে হাঁটতে চলেছে বিসিসিআই?
আরো পড়ুন : আলিপুরদুয়ারে ‘পাঁচে পাঁচ’ টার্গেট, বুথে বুথে জয়ের ডাক অভিষেকের।
মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় পেসারকে আইপিএল থেকে বাদ পড়তে হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট মহলেও চর্চা শুরু হয়েছে। যদিও বিসিসিআইয়ের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে পরিস্থিতিগত এবং বোর্ডের স্বার্থ রক্ষার জন্যই নেওয়া হয়েছে।
আইপিএল ২০২৬ শুরুর আগে এই ঘটনায় নতুন করে বিতর্ক ও রাজনৈতিক আলোচনার ঝড় উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।