নিজস্ব প্রতিবেদক- যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ২৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলার পর বিরতি নিয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার। সেই বিরতির পর শনিবার বিজয় হাজারে ট্রফিতে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন হার্দিক। বিদর্ভের বিরুদ্ধে মাত্র ৬৮ বলে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন, বড় মঞ্চের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

এই মরসুমে হার্দিক পান্ডিয়ার এটি ছিল প্রথম ৫০ ওভারের ম্যাচ। সাত নম্বরে নামলেও শুরুতে বেশ ধীরে খেলতে দেখা যায় তাঁকে। নিজের ছন্দ খুঁজে নিতে সময় নেন হার্দিক। প্রথম ৪৪ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি। তখন মনে হচ্ছিল, পরিস্থিতি বুঝে সাবধানে খেলছেন তিনি। কিন্তু সেট হওয়ার পরই রুদ্রমূর্তি ধারণ করেন ভারতীয় অলরাউন্ডার। পরের ৫০ রান আসে মাত্র ২৪ বলে। সব মিলিয়ে ৬৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক।
ম্যাচের ৩৮ ওভারের শেষে স্কোরবোর্ডে দেখা যায়, ৬২ বলে ৬৬ রান করে ক্রিজে রয়েছেন হার্দিক। পরের ওভারেই বদলে যায় ছবিটা। ৩৯তম ওভারে বিদর্ভের স্পিনার পার্থ রেখারের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলেন তিনি। সেই ওভারেই মারেন টানা পাঁচটি ছয় ও একটি চার। ওই ওভারে ৩৪ রান তুলে নিজের শতরান পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়।
আরও পড়ুন : ১ কোটি পার্টিসিপেশন ফি, না খেললে অবনমন—ISL নিয়ে কড়া সিদ্ধান্ত।
বারোদার ইনিংসের শুরুটা মোটেই ভালো ছিল না। মাত্র ৭১ রানের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় দলের। অন্য ব্যাটাররা যখন রানের গতি বাড়াতে হিমশিম খাচ্ছিলেন, তখন একাই দলের ইনিংসের ভার কাঁধে তুলে নেন হার্দিক। পরিস্থিতি সামলে নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান তিনি।
হার্দিকের এই ইনিংস ছিল পরিসংখ্যানের দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। ৬৮ বলের ইনিংসে তিনি মারেন মোট ৮টি ছয় ও ৬টি চার। স্ট্রাইক রেট ছিল ১৪৩.০৬। শেষ পর্যন্ত ৯২ বলে ১৩৩ রান করে নটআউট থাকেন তিনি। এই শতরান হার্দিক পান্ডিয়ার লিস্ট ‘এ’ কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। এতদিন পর্যন্ত ১১৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও শতরানের স্বাদ পাননি তিনি। এই ইনিংসের আগে তাঁর মোট রান ছিল ২৩৫০ এবং ছিল ১৩টি হাফসেঞ্চুরি।
আরও পড়ুন : বিশ্বকাপের জন্য কনসালট্যান্ট পেস-বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নিয়োগ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর বিরতি নিয়ে এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন হার্দিক পান্ডিয়া। সেই সিরিজের পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিজয় হাজারেতে এই বিধ্বংসী শতরানের মাধ্যমে হার্দিক যেন আগাম বার্তা দিয়ে দিলেন—বিশ্বকাপের মঞ্চের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।