নিউস ডেস্ক – ফেডারেশন বনাম ক্লাব জোট টানাপোড়েনে নড়েচড়ে বসল সর্বভারতীয় ফুটবল সংস্থা। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বাঁচাতে সরাসরি ফিফার দ্বারস্থ হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসতে বাধ্য হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান তারকা ফুটবলার সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু ফিফার কাছে চিঠি পাঠিয়ে দেশের ফুটবল লিগ কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরেই পরিস্থিতি বদলাতে শুরু করে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আয়োজন করতে ফের সক্রিয় উদ্যোগ নিল ফেডারেশন।

ফেডারেশন বনাম ক্লাব জোটের দ্বন্দ্বে কার্যত ঝুলে গিয়েছিল আইএসএলের ভবিষ্যৎ। একাধিক বৈঠক, আলোচনা এবং প্রতিশ্রুতির পরও সমাধানসূত্র মিলছিল না। ক্লাব জোটের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এআইএফএফ ইতিমধ্যেই একটি ২০ বছরের রোডম্যাপ পেশ করলেও, চলতি বছরের লিগ শুরু করা নিয়ে একাধিক জটিলতা সামনে আসে। আর সেই জটিলতা কাটাতেই এবার কড়া অবস্থানে গেল সর্বভারতীয় ফুটবল সংস্থা।
ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, চলতি মরসুমে আইএসএল শুরু করতে ক্লাবগুলিকে ১ কোটি টাকা করে পার্টিসিপেশন ফি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সময়মতো লিগ শুরু করা না যাওয়ায় এ বছর সংক্ষিপ্ত ফর্ম্যাটে আইএসএল শেষ করার পরিকল্পনা করছে এআইএফএফ। এখানেই আপত্তি তুলেছে ক্লাব জোট। কারণ, এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)-এর নিয়ম অনুযায়ী, কোনও লিগে অন্তত ২৪টি ম্যাচ না খেললে মহাদেশীয় প্রতিযোগিতার স্লট পাওয়া যায় না। সংক্ষিপ্ত ফর্ম্যাটে লিগ হলে সেই স্লট হারানোর আশঙ্কা রয়েছে বলেই ক্লাবগুলির আপত্তি।
আরও পড়ুন : ভাঙড়ে আইএসএফ–তৃণমূল সংঘর্ষ, আহত উভয় পক্ষের একাধিক।
এই পরিস্থিতিতে এআইএফএফ জানিয়েছে, তারা ইতিমধ্যেই এএফসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। বিশেষ পরিস্থিতিতে ছাড় বা বিকল্প কোনও ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছে ফেডারেশন। তবে শুধু ফর্ম্যাট নয়, লিগের আর্থিক দায়িত্ব নিয়েও বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কেটিং পার্টনার কে হবেন, সম্প্রচার স্বত্ব থেকে আয় কীভাবে বণ্টিত হবে, লিগের মোট ব্যয়ভার কত—এই সমস্ত বিষয়ে স্পষ্ট ধারণা চেয়েছে ক্লাব জোট।
এই জটিল পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার এআইএফএফ-আইএসএল কো-অর্ডিনেশন কমিটি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দিয়েছে ফেডারেশনের ইমার্জেন্সি কমিটির কাছে। সেই রিপোর্টেই উঠে এসেছে লিগ আয়োজনের নতুন রূপরেখা ও কড়া শর্তাবলি।
আরও পড়ুন : EVM নয়, ভোটার তালিকায় চুরি হচ্ছে: অভিষেকের চাঞ্চল্যকর অভিযোগ।
রিপোর্ট অনুযায়ী, রেফারিং এবং ব্রডকাস্টিং সংক্রান্ত সমস্ত খরচ বহন করবে ফেডারেশন। তবে হোম ম্যাচ আয়োজনের যাবতীয় খরচ ক্লাবগুলিকেই বহন করতে হবে। যদি কোনও কারণে সেন্ট্রালাইজড ভেনুতে ম্যাচ আয়োজন করা হয়, সেক্ষেত্রেও সেই খরচ ক্লাবগুলিকেই দিতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি, আইএসএলে অংশ নিতে প্রত্যেক ক্লাবকে বাধ্যতামূলকভাবে ১ কোটি টাকা পার্টিসিপেশন ফি জমা দিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কড়া সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, কোনও ক্লাব যদি লিগে খেলতে অস্বীকার করে, তাহলে সেই ক্লাবকে অবনমনের আওতায় আনা হবে। অর্থাৎ, ভবিষ্যতে সেই ক্লাবের লিগ স্ট্যাটাস নিয়ে বড়সড় প্রভাব পড়তে পারে। এই সিদ্ধান্তকে অনেকেই ফেডারেশনের ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ হিসেবেই দেখছেন।
তবে ফেডারেশন জানিয়েছে, লিগের ফর্ম্যাট নিয়ে তারা একতরফা সিদ্ধান্ত নেবে না। ক্লাব জোটের সঙ্গে আলোচনায় বসেই চূড়ান্ত ফর্ম্যাট নির্ধারণ করা হবে। ম্যাচ সংখ্যা, হোম-অ্যাওয়ে নাকি সেন্ট্রালাইজড ভেনু—এই সমস্ত বিষয় নিয়ে শীঘ্রই আলোচনা শুরু হবে। ফেডারেশন সূত্রে আরও জানা গিয়েছে, আগামী সপ্তাহেই আইএসএলের সূচি ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরও পড়ুন : ‘কালীঘাট জন্মভূমি, দক্ষিণ ২৪ পরগনা কর্মভূমি’—অভিষেকবন্দ্যোপাধ্যায়।
ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে এই মুহূর্তে আইএসএলের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে জাতীয় দলের তারকা ফুটবলারদের ফিফার দ্বারস্থ হওয়া, অন্যদিকে ফেডারেশনের এই কড়া অবস্থান—সব মিলিয়ে পরিস্থিতি এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। ক্লাব জোট ও ফেডারেশনের মধ্যে সমঝোতা না হলে তার প্রভাব পড়তে পারে গোটা ভারতীয় ফুটবল ব্যবস্থার উপরই।
এখন দেখার, ফেডারেশনের নতুন রোডম্যাপে ক্লাবগুলি কতটা সন্তুষ্ট হয় এবং আদৌ কি সময়মতো মাঠে গড়ায় আইএসএল। কারণ, এই লিগ শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়—ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এর সাফল্যের উপর।