নির্বাচন কমিশনের বিরুদ্ধে ১০ প্রশ্নবাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

নিজস্ব প্রতিবেদক দিল্লি : নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশনের আসল লক্ষ্য এসআইআরের (Special Intensive Revision) নামে বাংলার ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া—এই অভিযোগ তুলে বুধবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কমিশনের সামনে একের পর এক মোট ১০টি প্রশ্ন রাখেন তিনি। কিন্তু কমিশনের তরফে কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

বাংলার ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামে ‘অসঙ্গতি’

বৈঠক শেষে নির্বাচন কমিশনের দফতরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, কমিশনের দাবি অনুযায়ী বাংলায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ রয়েছে। অর্থাৎ নাম, বয়স, বাবা-মায়ের নাম কিংবা জন্মসালের মধ্যে অসঙ্গতি রয়েছে। কিন্তু এত বড় সংখ্যক ভোটারের নামে যদি সত্যিই গরমিল থাকে, তবে সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন—এই প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, বহু ভোটার প্রয়োজনীয় নথি আপলোড করার পরেও সেই ভুল সংশোধন করা হয়নি।

অভিষেক আরও জানান, বাংলার খসড়া ভোটার তালিকায় প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম নেই। কমিশনের তরফে বারবার দাবি করা হচ্ছে, ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু এই ৫৮ লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি বা কতজন রোহিঙ্গা—সে বিষয়ে কোনও পরিসংখ্যান দিতে পারেনি নির্বাচন কমিশন। তাঁর কথায়, “এটা শুধুই বাংলাকে অপমান করার ও বদনাম করার চেষ্টা।”

এছাড়াও তিনি প্রশ্ন তোলেন, তামিলনাড়ু, গুজরাত, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে যখন এসআইআর হচ্ছে, তখন শুধু বাংলাতেই কেন বিশেষ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। অন্য রাজ্যগুলির ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তারও কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ।

যাঁরা ফর্ম পূরণ করেননি, তাঁদের নাম বাদ যেতে পারে—এই বিষয়টি মেনেও নিয়েছেন অভিষেক। কিন্তু যাঁরা জীবিত ও নিয়মিত ভোট দিয়ে আসছেন, তাঁদের নাম কীভাবে তালিকা থেকে বাদ গেল, সেই ভুলের দায় কে নেবে—এই প্রশ্নও তুলেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও একই রকম বিভ্রান্তি ও হয়রানির অভিযোগ ওঠে। তাঁর দাবি, বিহারে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা সুবিধা দেওয়া হলেও বাংলার ক্ষেত্রে কেন তা করা হচ্ছে না, তারও সদুত্তর দেয়নি কমিশন।

এসআইআর সংক্রান্ত শুনানিতে বিএলএ-২ (Booth Level Agent) উপস্থিত থাকতে পারবেন না—এই সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানায় তৃণমূল। অভিষেক বলেন, যদি সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি সম্ভব হয়, তবে এসআইআরের ক্ষেত্রেও তা কেন করা যাবে না। কমিশন এই বিষয়ে কোনও সার্কুলার জারি করতে রাজি হয়নি বলেও তিনি দাবি করেন। তাঁর স্পষ্ট বক্তব্য, কমিশন জানে যে এমন কোনও সার্কুলার জারি করলে ভবিষ্যতে আদালতে তা অসাংবিধানিক ও অবৈধ বলে খারিজ হয়ে যাবে।

সব মিলিয়ে, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বাংলার ভোটাধিকার রক্ষায় আইনি ও রাজনৈতিক লড়াই চলবে বলে স্পষ্ট বার্তা দিল তৃণমূল কংগ্রেস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *