তপন কুমার দাস,কলকাতা: এসআইআর (Special Intensive Revision) সংক্রান্ত শুনানি প্রক্রিয়া নিয়ে সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক উত্তর না মিললে মঙ্গলবার ফের সিইও দফতরে যাবে দল। সেইমতো মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠকে তৃণমূলের তরফে স্পষ্টভাবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের অন্যতম সদস্য, সাংসদ পার্থ ভৌমিক জানান, সোমবার যে দাবিগুলি তোলা হয়েছিল তার আংশিক উত্তর মিলেছে। তিনি বলেন, কমিশন তৃণমূলের দাবি মেনে ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটারদের ক্ষেত্রে বাড়ি গিয়ে শুনানির নির্দেশিকা জারি করেছে, যা ইতিবাচক পদক্ষেপ।
তবে তিনি প্রশ্ন তোলেন, অসুস্থ কিংবা শয্যাশায়ী ভোটারদের কেন ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। উদাহরণ দিয়ে পার্থ ভৌমিক বলেন, “অসুস্থ হওয়া সত্ত্বেও কেন কবি জয় গোস্বামীকে শুনানি কেন্দ্রে যেতে হবে?” এই প্রসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, অসুস্থ ভোটারদের ক্ষেত্রেও বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হবে। তবে এই নির্দেশ যাতে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) ও বুথ লেভেল অফিসার (বিএলও) স্তরে স্পষ্টভাবে পৌঁছায়, সে দাবিও তোলা হয়েছে তৃণমূলের তরফে। কমিশনের আশ্বাস অনুযায়ী, অসুস্থতার কারণে যাঁরা শুনানি কেন্দ্রে যেতে পারবেন না, তাঁরা স্থানীয় বিএলওকে জানালেই বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন : বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবির প্রসঙ্গে তৃণমূল জানায়, এক কোটি ৩৬ লক্ষ ভোটারের নামে যে অসঙ্গতি ধরা পড়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছিল। উত্তরে নির্বাচন কমিশন জানিয়েছে, সেই তালিকা ইতিমধ্যেই এআরও ও বিএলও স্তরে পাঠানো হয়েছে। তৃণমূলের দাবি, এতে প্রমাণিত হল যে তারা যে অসঙ্গতির কথা তুলেছিল, তা ভিত্তিহীন নয়।
তৃতীয় দাবিতে তৃণমূল জানিয়েছে, যাঁরা কর্মসূত্রে বা পড়াশোনার কারণে রাজ্য কিংবা দেশের বাইরে রয়েছেন, তাঁদের জন্য ভার্চুয়াল হিয়ারিংয়ের ব্যবস্থা করা হোক। এই বিষয়টি নিয়ে বুধবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ সদস্যের তৃণমূল প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে ফের আলোচনা করবে বলে জানানো হয়েছে।
এদিন তৃণমূলের তরফে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। দলের বক্তব্য, এমন বহু মানুষ রয়েছেন যাঁরা ৫০ বছরের বেশি সময় ধরে বাংলায় বসবাস করছেন, অথচ এসআইআর-এ চাওয়া ১১টি নথির কোনওটিই তাঁদের কাছে নেই। এই ক্ষেত্রে স্থানীয় স্তরে অনুসন্ধান করে তাঁদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, পুলক রায় এবং সাংসদ পার্থ ভৌমিক ও বাপি হালদার। তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটারদের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।