ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের জন্য উন্নতমানের ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ফের মানবিক উদ্যোগ নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের গোড়া থেকেই ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে শুরু হয়েছে ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্য শিবির। এই কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পাচ্ছেন। সোমবার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেখ সাইফুদ্দিন ,কলকাতা: এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে আয়োজিত মডেল ক্যাম্পে পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের কাছ থেকেও রোগীদের শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন অভিষেক। ক্যাম্পে চিকিৎসা পরিষেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি এবং চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
সব নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় ‘সেবাশ্রয় ২’ কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ের সেবাশ্রয় শিবিরের অভাবনীয় সাফল্যের পরেই দ্বিতীয় দফায় আরও বড় আকারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারেও শিবির শুরুর প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুরাও এই ক্যাম্পে চিকিৎসা পরিষেবা নিতে আসছেন।

স্থানীয়দের কথায়, ‘সেবাশ্রয় ২’ শিবির তাঁদের কাছে এক আশার আলো। অনেকেই জানিয়েছেন, বড় বড় হাসপাতালে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। এই শিবিরে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন রোগের পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তাঁরা উপকৃত হচ্ছেন। রোগীদের পরিবারের সদস্যরাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিষ্ণুপুরে শিবির পরিদর্শনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। চিকিৎসা পরিষেবা কোনও বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার—এই ভাবনা থেকেই ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের নানা কর্মসূচি চলবে।

এদিন শিবির চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একঝলক দেখতে ভিড় জমে যায়। প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। কেউ হাত মেলাতে চান, কেউ অটোগ্রাফ বা সেলফির আবদার করেন। ব্যস্ততার মধ্যেও কাউকে নিরাশ করেননি অভিষেক। হাসিমুখে সকলের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। তাঁর এই ব্যবহার রোগী ও সাধারণ মানুষের মন ছুঁয়ে যায়।
আরও পড়ুন :
‘সেবাশ্রয়’ কর্মসূচি শুধু ডায়মন্ড হারবারেই নয়, বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল অনুকরণ করতে চাইছে একাধিক বিরোধী রাজ্যও। প্রথম পর্বের সাফল্যের পর ‘সেবাশ্রয় ২’ যে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা এদিন বিষ্ণুপুরের ক্যাম্পেই স্পষ্ট।

সব মিলিয়ে, ‘সেবাশ্রয় ২’ শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং সাধারণ মানুষের প্রতি এক মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে আশ্বস্ত ও আপ্লুত ডায়মন্ড হারবারের মানুষ, এমনটাই মত রাজনৈতিক ও সামাজিক মহলের।