Suvendu Adhikari : শুভেন্দু অধিকারী বাংলাদেশের দূতাবাসে যাচ্ছেন।

সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে দুই বাংলাতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদ ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে এবার সরাসরি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, বিক্ষোভ নয়, শান্তিপূর্ণভাবেই তিনি দূতাবাসে যাবেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টি তুলে ধরবেন।

                                                            ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার পর সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্যোগ

তপন কুমার দাস ,কলকাতা- শুভেন্দু অধিকারী জানান, প্রথমে তিনি ২৬ তারিখ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, যদি তাঁকে দেখা করার অনুমতি না দেওয়া হয়, তাহলে আরও বেশি মানুষ নিয়ে বিক্ষোভ করবেন। তবে পরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের দপ্তর থেকে বৈঠকের আমন্ত্রণ আসায় তিনি সেই কর্মসূচি বাতিল করেন। সাংবাদিকদের সামনে একটি চিঠি দেখিয়ে শুভেন্দু বলেন, “আগামিকাল বিকাল ৪টেয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাই আমি যে বিক্ষোভের কথা বলেছিলাম, সেটা হচ্ছে না। যাঁরা আসতে চান, তাঁরা দূরে থাকবেন। আমি বিষয়টা শান্তিপূর্ণভাবে করতে চাই।”

এই বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন মোট পাঁচজন সাধুসন্ত। জানা গিয়েছে, স্বামী মহাকাল গিরি, সঞ্জয় শাস্ত্রীজি, সর্বানন্দ অবদূতজি, শঙ্কর হেলাজি এবং কৃষ্ণা মাতাজি তাঁর সঙ্গে এই সফরে যোগ দেবেন। শুভেন্দুর দাবি, এই প্রতিনিধি দল মূলত মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে কথা বলবে।

আরও  পড়ুন : রবীন্দ্রনগর ময়লা ডিপু সংলগ্ন বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রায় ১০০ ঝুপড়ি ভস্মীভূত।

ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়ে কী নিয়ে আলোচনা করবেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। মূলত ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়েই স্পষ্ট উত্তর চাইবেন তিনি। শুভেন্দুর বক্তব্য, “একজন সাধারণ কারখানা শ্রমিককে যেভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, তারপর দেহ গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছে—এটা মানবতার উপর কলঙ্ক। এই ঘটনার বিচার এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব।”

উল্লেখ্য, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়িয়েছে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে নৃশংসতার ভয়াবহতা দেখে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই বিষয়টি কোনও রাজনৈতিক স্বার্থে নয়, সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে তোলা হচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাইবোন। তাঁদের উপর অত্যাচার হলে আমরা চুপ থাকতে পারি না।” যদিও তাঁর এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। শাসকদলের একাংশের মতে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় এই পদক্ষেপ জরুরি।

                                           আরও পড়ুন : বাংলাদেশে ফিরে তারেক রহমানের বার্তা: “I have a plan”

সব মিলিয়ে, শুভেন্দু অধিকারীর এই দূতাবাস সফর এবং ডেপুটি হাই কমিশনারের সঙ্গে বৈঠক আগামী দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক ও সংখ্যালঘু ইস্যুতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *