মথুরাপুর, সৌরভ দাস– দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের ঐতিহ্যবাহী বড়াশী শিব মন্দির প্রাঙ্গনে সফলভাবে অনুষ্ঠিত হলো জনপ্রিয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ‘বটের ছায়া কাপ–২০২৫’। তৃতীয় বর্ষে পদার্পণ করা এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে।
এই ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত হালদার, বড়াশী শিব মন্দিরের পুরোহিত তারকনাথ চক্রবর্তী সহ বটের ছায়া ক্লাবের কর্মকর্তারা। প্রদীপ প্রজ্বলন ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়।

এবছর মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেল চারটা থেকে শুরু হয়ে সারারাত ধরে উত্তেজনাপূর্ণ ম্যাচ চলে এবং পরদিন সকাল প্রায় ১১টা নাগাদ টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। খেলার মাঠকে স্টেডিয়ামের আদলে সাজানো হয়েছিল—চারদিকে গ্যালারি, লম্বা ডিসপ্লে বোর্ড, ক্যামেরা সেটআপ, ভিআইপি আসন এবং প্লেয়ারদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। সবুজ ঘাসে মোড়ানো মাঠ এবং প্রায় ৫০টি শক্তিশালী লাইটের আলোয় গোটা এলাকা আলোকিত করা হয়, যাতে রাতের খেলাতেও খেলোয়াড়দের কোনো অসুবিধা না হয়।
দূরদূরান্ত থেকে আগত খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ফাইনালে দক্ষিণ হাবড়ার ‘কুটটি ১১’ দল চ্যাম্পিয়ন হয় এবং মন্দিরবাজারের ‘এমবি মহাকাল’ দল রানার্স-আপ হয়। প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় ৫৪,৯৯৯ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ৩৪,৯৯৯ টাকা। পাশাপাশি সেরা খেলোয়াড়দের আলাদাভাবে পুরস্কৃত করা হয়।
এই ক্রীড়া উৎসব উপভোগ করতে স্থানীয় মানুষজনের পাশাপাশি বাইরের এলাকা থেকেও বহু দর্শক উপস্থিত ছিলেন। সফল আয়োজনের জন্য বটের ছায়া কাপের কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান উপস্থিত সকলেই।