পশুপালন রক্ষা ও রুটি-রুজির দাবিতে ধূপগুড়িতে সিপিআইএমের গণ-ডেপুটেশন

পশুপালন ও রুটি-রুজি রক্ষার দাবিতে ধূপগুড়িতে মহকুমা শাসকের দপ্তরে গণ-ডেপুটেশন দিল সিপিআইএম। ভোটার তালিকা, জমির খতিয়ান ও কর্মসংস্থানের দাবিও তোলা হয়।

পশুপালন রক্ষা ও রুটি-রুজির দাবিতে ধূপগুড়িতে মহকুমা শাসককে ডেপুটেশন


ভাস্কর মহন্ত, ধূপগুড়ি

নতুন দিন — পশুপালন ও পশু নির্ভর কর্মক্ষেত্র ধ্বংস করার চক্রান্তের প্রতিবাদে এবং রুটি-রুজির একাধিক দাবিতে আন্দোলনে নামল সিপিআইএম। শুক্রবার ধূপগুড়ি মহকুমা শাসকের দপ্তরে গণ-ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমা এলাকার বহু মানুষের জীবন-জীবিকা পশুপালন ও পশুনির্ভর বিভিন্ন কাজের উপর নির্ভরশীল। অভিযোগ, পরিকল্পিতভাবে সাধারণ মানুষের উপার্জনের পথ সংকুচিত করা হচ্ছে। এর প্রতিবাদেই এদিন মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় সিপিআইএম নেতৃত্ব।

ডেপুটেশনে মূলত পশুপালকদের স্বার্থরক্ষার দাবি তুলে ধরা হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যাও সামনে আনা হয়। দাবি তোলা হয়, পশুপালন ও পশুনির্ভর কর্মসংস্থান ধ্বংসের সমস্ত চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।

এছাড়াও উদ্বাস্তু ও ভূমিহীন মানুষদের জমির স্থায়ী খতিয়ান প্রদান, এলাকার বেকার যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা এবং সাধারণ মানুষের রুটি-রুজি সুরক্ষার দাবিও জানানো হয়।

সিপিআইএম নেতৃত্বের দাবি, মানুষের গণতান্ত্রিক অধিকার ও জীবিকার প্রশ্ন আজ আক্রান্ত। ধূপগুড়ির সাধারণ মানুষের স্বার্থে এবং রুটি-রুজি রক্ষার লড়াইকে আরও জোরদার করতেই এই মহকুমা দপ্তর অভিযান সংগঠিত হয়েছে।

দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল হয়েছে বলেও দাবি নেতৃত্বের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *