দক্ষিণ ২৪ পরগনার বাণীতলায় পুরনো রাইস মিলের গোডাউন থেকে বিপুল পরিমাণ আমফান ও বুলবুল ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরব বিজেপি, প্রশ্নের মুখে প্রশাসন।
পুরনো রাইস মিলের গোডাউনে বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধার, সরব বিজেপি
দক্ষিণ ২৪ পরগনা :
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার মথুরাপুর দু’নম্বর ব্লকের বাণীতলা পোল সংলগ্ন নিমাই পুরকায়েতের পুরনো রাইস মিলের গোডাউন থেকে বিপুল পরিমাণ ‘আমফান’ ও ‘বুলবুল’ ঝড়ের ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, প্রায় ৪০ হাজার ত্রাণ কিট দীর্ঘদিন ধরে ওই গোডাউনে মজুত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার উদ্দেশ্যে এই ত্রাণ সামগ্রী আনা হয়েছিল। বিশেষ করে যাদের কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাঁদের রান্নার বিভিন্ন সামগ্রী ও জরুরি প্রয়োজনীয় জিনিস দেওয়ার কথা ছিল। কিন্তু বছরের পর বছর সেই সামগ্রী সাধারণ মানুষের হাতে না পৌঁছে গোডাউনেই পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়দিঘী বিধানসভার বিজেপি নেতা পলাশ রানা সহ একাধিক বিজেপি কর্মী-সমর্থক। ঘটনাস্থল ঘুরে দেখে পলাশ রানা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, “সাধারণ মানুষের জন্য আনা সরকারি ত্রাণ সামগ্রী প্রায় ছয় বছর ধরে গোডাউনে ফেলে রাখা হয়েছে। মানুষের প্রয়োজনে ব্যবহার না করে তা নষ্ট করা হচ্ছে।”
এদিকে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, ওই সামগ্রীগুলি শুধুমাত্র মথুরাপুর দু’নম্বর ব্লকের জন্য নয়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’-এর আওতায় বিভিন্ন বিধানসভা ও ব্লকে পাঠানোর উদ্দেশ্যেই এই ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল।
এই প্রসঙ্গে বিডিও আধিকারিক স্বরূপ ভট্টাচার্য জানান, উদ্ধার হওয়া সামগ্রীগুলি সরকারি রিলিফের মাল এবং তা নিয়ম মেনেই সংরক্ষণ করা হয়েছে। তিনি দাবি করেন, তৎকালীন প্রশাসনের তত্ত্বাবধানে কিছু সামগ্রী ওই গোডাউনে রাখা হয়েছিল এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিও রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ বছরের পর বছর গোপনে মজুত রাখা হয়েছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, পরিস্থিতি অনুযায়ী সরকারি নিয়ম মেনেই ত্রাণ সামগ্রী সংরক্ষণ করা হয়েছে।
ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যেও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন— দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের জন্য আনা ত্রাণ সামগ্রী এতদিন কোথায় ছিল এবং কেন তা বিতরণ করা হয়নি?
-
🌐 Digital Presence
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…
