ফরাক্কায় পুলিশের জালে গরু পাচার চক্র, উদ্ধার ২৫টি গরু

ফরাক্কা থানার পুলিশের অভিযানে উদ্ধার ২৫টি গরু। গরু পাচারের অভিযোগে গ্রেফতার মালদার দুই যুবক। বাজেয়াপ্ত গরু বোঝাই গাড়ি।

ফরাক্কায় পুলিশের অভিযানে উদ্ধার ২৫টি গরু, গ্রেফতার ২ পাচারকারী

 


নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ

মালদা থেকে মুর্শিদাবাদ হয়ে সীমান্ত পেরিয়ে গরু পাচারের বড়সড় ছক বানচাল করল ফরাক্কা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে একটি গরু বোঝাই গাড়ি আটক করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় ২৫টি গরু। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আজমাউল সেখ (২৮) ও কালাম সেখ (২৫)। তারা দু’জনেই মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে মালদার দিক থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গরু বোঝাই গাড়ি সামশেরগঞ্জের দিকে যাচ্ছিল বলে খবর পায় পুলিশ। ফরাক্কা এলাকায় প্রবেশ করার পর জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং দেখে পাচারকারীরা রুট পরিবর্তন করে বলে অভিযোগ। মূল রাস্তা ছেড়ে পুরনো জাতীয় সড়ক ধরে গ্রামের ভিতর দিয়ে পালানোর চেষ্টা চালায় তারা।

এরপর ফরাক্কা থানার আইসি অমিত মুখার্জির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গাড়িটির পিছু ধাওয়া করে। শেষ পর্যন্ত ফরাক্কার বেনিয়াগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকায় গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ঠাসাঠাসি অবস্থায় রাখা ২৫টি গরু উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গরুগুলির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি গাড়ির চালক ও খালাসি। এরপরই তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে গরু বোঝাই গাড়িটিও।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত লাগোয়া এলাকায় পাচারের উদ্দেশ্যেই গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ।

বৃহস্পতিবার ধৃত দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।



Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *