লরি উল্টে মৃত শতাধিক শূকর, আহত পশুদের পিটিয়ে মারার অভিযোগে চাঞ্চল্য বানারহাটে

বানারহাটের তেলিপাড়ায় শূকর বোঝাই লরি উল্টে মৃত্যু শতাধিক শূকরের। আহত পশুদের পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ।

বানারহাটে শূকর বোঝাই লরি উল্টে মৃত্যু শতাধিক পশুর, আহতদের পিটিয়ে মারার অভিযোগ


ভাস্কর মহন্ত, বানারহাট | 
উত্তরপ্রদেশ থেকে আসামের শিলচরের উদ্দেশ্যে যাওয়ার পথে শূকর বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় মৃত্যু হল প্রায় শতাধিক শূকরের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে বানারহাট থানার তেলিপাড়ার কালুয়া সেতু এলাকায়। দুর্ঘটনার পর আহত শূকরদের উপর নির্মম অত্যাচারের অভিযোগ ঘিরে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরিটি উত্তরপ্রদেশ থেকে বিপুল সংখ্যক শূকর নিয়ে শিলচরের দিকে যাচ্ছিল। গয়েরকাটা পার হওয়ার পর তেলিপাড়া এলাকায় পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই বহু শূকরের মৃত্যু হয়। রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মৃত ও আহত পশুগুলি।

তবে দুর্ঘটনার পর আরও ভয়াবহ ছবি সামনে আসে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত শূকরগুলিকে উদ্ধারের বদলে লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। অনেক পশুকে লাথি মেরে ও পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরে মৃত ও আহত শূকরগুলিকে টেনে-হিঁচড়ে অন্য গাড়িতে তোলা হয়।

খবর পেয়ে বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত লরিটি আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, পশু পরিবহনের ক্ষেত্রে একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। দীর্ঘ দূরত্বের পশুবাহী গাড়িতে কোনও পশু চিকিৎসক ছিল না বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি পশুদের অমানবিকভাবে গাদাগাদি করে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও অভিযোগ ওঠে।

পশু নিষ্ঠুরতা নিরোধ আইন অনুযায়ী এই ধরনের আচরণ গুরুতর অপরাধ বলে জানিয়েছেন এলাকাবাসীর একাংশ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *