চাকরির টোপে দেড় লক্ষ টাকা প্রতারণা! গ্রেপ্তার তৃণমূলের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ

পূর্বস্থলীতে চাকরি দেওয়ার নাম করে দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অমল হালদার।

চাকরির টোপে প্রতারণা, গ্রেপ্তার তৃণমূল নেতা অমল হালদার

শুভ্র জ্যোতি ঘোষ, পূর্বস্থলী:

চাকরি দেওয়ার নাম করে দেড় লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা অমল হালদারকে। ঘটনাকে কেন্দ্র করে পূর্বস্থলী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অমিত হালদার নামে এক ব্যক্তির কাছ থেকে ধাপে ধাপে প্রায় দেড় লক্ষ টাকা নেওয়া হয়। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না মেলায় সন্দেহ বাড়ে অভিযোগকারীর। পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাতে তা এড়িয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। শেষপর্যন্ত সোমবার নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমিত হালদার।

অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত অমল হালদার স্থানীয় পঞ্চায়েতের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন এবং এলাকায় রাজনৈতিকভাবেও সক্রিয়। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা মেলার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও দাবি, ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি নির্দোষ বলেও দাবি করেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, চাকরির নামে সাধারণ মানুষকে প্রতারণা করার ঘটনা নতুন নয়। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেনি। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলেই প্রকৃত সত্য সামনে আসবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *