দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের কনকচূড় ধানের চাল পেল রাষ্ট্রপুঞ্জের হেরিটেজ স্বীকৃতি। খুশি কৃষক ও মোয়া ব্যবসায়ীরা, জৈব চাষের দাবিও জোরালো হচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের হেরিটেজ তকমা পেল দক্ষিণ ২৪ পরগনার কনকচূড় ধানের চাল, খুশির হাওয়া জয়নগরে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর |
গোবিন্দভোগ ও তুলাইপঞ্জির সঙ্গে এবার আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় যুক্ত হল দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্যবাহী কনকচূড় ধানের চাল। রাষ্ট্রপুঞ্জের হেরিটেজ তকমা পাওয়ার খবরে খুশির হাওয়া বইছে জয়নগর সহ জেলার বিস্তীর্ণ এলাকায়। এই স্বীকৃতিকে ঘিরে আশাবাদী স্থানীয় কৃষক, মোয়া ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তাঁদের মতে, এই সম্মান শুধু একটি ধানের নয়, বরং জয়নগরের ঐতিহ্য ও সংস্কৃতিরও স্বীকৃতি।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, ময়দা, নিমপীঠ, রায়দিঘি, কুলপি, মন্দিরবাজার, কুলতলি এবং কাশীনগর এলাকায় দীর্ঘদিন ধরে কনকচূড় ধানের চাষ হয়ে আসছে। এই ধান থেকে তৈরি খইয়ের বিশেষ সুগন্ধ এবং স্বাদই একে অন্য ধানের থেকে আলাদা করেছে। বিশেষ করে বিশ্ববিখ্যাত জয়নগরের মোয়া তৈরিতে এই কনকচূড় ধানের খই অপরিহার্য উপাদান। বলা যায়, কনকচূড় ছাড়া আসল জয়নগরের মোয়া কল্পনাই করা যায় না। এই ধানের গুণমানের কারণেই জয়নগরের মোয়া আজ শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশ-বিদেশের বাঙালি এবং খাদ্যরসিকদের কাছেও সমানভাবে জনপ্রিয়।
এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কৃষক ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, এই সম্মানের ফলে কনকচূড় ধানের চাহিদা আরও বাড়বে এবং এর সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের আর্থিক উন্নতির পথ খুলবে। একই সঙ্গে জয়নগরের মোয়া শিল্পও নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।
তবে এই আনন্দের মাঝেও উঠে এসেছে কিছু উদ্বেগের কথাও। স্থানীয় মোয়া ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, আধুনিক কৃষি পদ্ধতিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের ফলে কনকচূড় ধানের খইয়ের স্বাভাবিক সুগন্ধ অনেকটাই কমে যাচ্ছে। এর ফলে মোয়ার সেই ঐতিহ্যবাহী স্বাদ ও গন্ধও আগের মতো থাকছে না।
জয়নগরের মোয়া ব্যবসায়ী রাজেশ দাস বলেন,
“কনকচূড় ধানের খইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সুগন্ধ। কিন্তু বর্তমানে সেই গন্ধ অনেকটাই কমে গিয়েছে। এর ফলে মোয়ার গুণমানেও প্রভাব পড়ছে।”
অন্যদিকে ব্যবসায়ী গণেশ দাস জানান,
“বর্তমানে বেশি ফলনের আশায় অনেকেই রাসায়নিক ব্যবহার করছেন। পাশাপাশি মেশিনে খই ভাজার ফলে আগের মতো স্বাভাবিক গন্ধ পাওয়া যাচ্ছে না। কনকচূড়ের মান বজায় রাখা খুবই জরুরি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধানের চাহিদা থাকলেও বিভিন্ন কারণে অনেক কৃষক বড় পরিসরে এই চাষ করতে আগ্রহী হচ্ছেন না। কারণ এই ধান চাষের জন্য উঁচু জমির প্রয়োজন হয় এবং ফলন তুলনামূলক কম। ফলে অনেকেই অন্যান্য ধানের চাষকে বেশি লাভজনক মনে করছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কৃষকরা বড় জমির অল্প অংশে কনকচূড় ধানের চাষ করেন।
তবে আশার আলো দেখাচ্ছে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম-এর কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই কেন্দ্রের উদ্যোগে জৈব পদ্ধতিতে কনকচূড় ধানের চাষ শুরু হয়েছে। কৃষি বিশেষজ্ঞ ড. সোমনাথ সরদার জানান,
“জৈব পদ্ধতিতে চাষ করে ভালো ফলন পাওয়া গেছে এবং কৃষকদের আগ্রহও বাড়ছে। এতে ধানের গুণমান বজায় রাখা সম্ভব হবে।”
স্থানীয় কৃষক সুশান্ত মণ্ডল ও ইলিয়াস মোল্লা জানান, কনকচূড় ধানের দাম তুলনামূলক ভালো হলেও উৎপাদন কম হওয়ায় অনেক সময় লাভ কম হয়। তবুও এই আন্তর্জাতিক স্বীকৃতির ফলে ভবিষ্যতে এই ধানের চাষ বাড়বে বলে তাঁরা আশাবাদী।
কৃষক ও ব্যবসায়ীদের দাবি, এই স্বীকৃতির পর প্রশাসনের উচিত কনকচূড় ধানের সংরক্ষণ, চাষ বৃদ্ধি এবং সঠিক বিপণনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া। পাশাপাশি জৈব পদ্ধতিতে চাষে উৎসাহ দেওয়া প্রয়োজন, যাতে এই ঐতিহ্যবাহী ধানের আসল গুণমান বজায় থাকে।
বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপুঞ্জের এই হেরিটেজ স্বীকৃতি শুধু কনকচূড় ধানের মর্যাদাই বাড়াবে না, বরং জয়নগরের মোয়া শিল্পের সঙ্গেও যুক্ত হাজার হাজার মানুষের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে। এর ফলে আগামী দিনে আন্তর্জাতিক বাজারেও জয়নগরের মোয়া এবং কনকচূড় ধানের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
🔗 জেলার আরও সংবাদ পড়ুন → দক্ষিণ ২৪ পরগনার গুরুত্বপূর্ণ সংবাদ