অতিরিক্ত মহিলা কামরা সংযোজনের প্রতিবাদে ধামুয়া স্টেশনে প্রায় দুই ঘণ্টার রেল অবরোধ। ব্যাহত হয় ডায়মন্ডহারবার লাইনের ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা।
অতিরিক্ত মহিলা কামরা নিয়ে ক্ষোভ, ধামুয়া স্টেশনে রেল অবরোধ

ধামুয়া, দক্ষিণ ২৪ পরগনা | নিজস্ব প্রতিবেদক
শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ধামুয়া স্টেশনে নিত্যযাত্রীদের রেল অবরোধে ব্যাহত হল শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার লাইনের ট্রেন চলাচল। সকাল প্রায় ৮টা নাগাদ যাত্রীদের একাংশ শিয়ালদহমুখী আপ ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে একাধিক ট্রেন দেরিতে চলাচল করে এবং বহু যাত্রী দুর্ভোগের মুখে পড়েন।
বিক্ষোভকারী যাত্রীদের অভিযোগ, সম্প্রতি ট্রেনে অতিরিক্ত মহিলা কামরা সংযোজনের ফলে সাধারণ কামরাগুলিতে ভিড় অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। তাঁদের দাবি, প্রতিদিন এই লাইনে বিপুল সংখ্যক শ্রমিক, দিনমজুর ও কর্মজীবী মানুষ যাতায়াত
করেন। কিন্তু কামরার সংখ্যা ও বিন্যাস পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীদের জন্য জায়গা কমে যাওয়ায় যাতায়াত আরও কঠিন হয়ে উঠেছে।
যাত্রীদের আরও অভিযোগ, হকার উচ্ছেদ এবং কামরার পুনর্বিন্যাসের কারণে নিত্যযাত্রীদের সমস্যা বেড়েছে। অতিরিক্ত ভিড়ের মধ্যে যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঝুঁকির মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের।
বিক্ষোভকারীরা রেল কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত মহিলা কামরার সংখ্যা পুনর্বিবেচনার দাবি জানান। পাশাপাশি নিত্যযাত্রী ও শ্রমজীবী মানুষের স্বার্থে কামরার যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে বিক্ষোভকারী যাত্রীদের একাংশ স্পষ্ট জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।
- Facebook: / dnnewsbanglaofficial
- Instagram: https://www.instagram.com/dnnewsbangl…
- YouTube: / @dnnewsbangla
- X (Twitter): https://x.com/DNNewsBangla
- Official Website: https://dnnewsbangla.com/
- Public News App: https://public.app/user/profile/k5pVV…