কুম্ভমেলার আদলে সাজবে গঙ্গাসাগর! ৮-১০টি হেলিকপ্টার নামানোর পরিকল্পনা রাজ্যের, কলকাতা থেকে সরাসরি আকাশপথে যাতায়াত?

তপন কুমার দাস, দক্ষিণ ২৪ পরগনা:
২০২৭ সালের গঙ্গাসাগর মেলায় আসতে চলেছে একাধিক বড় পরিবর্তন। কুম্ভমেলার আদলে সাজিয়ে তোলা হবে গঙ্গাসাগর মেলাকে। শুধু জলপথ ও সড়কপথ নয়, এবার কলকাতা থেকে সরাসরি হেলিকপ্টারে গঙ্গাসাগরে পৌঁছনোর সুযোগও মিলতে পারে পুণ্যার্থীদের। প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী, এই পরিষেবার জন্য ৮ থেকে ১০টি হেলিকপ্টার নামানোর ভাবনা রয়েছে।
কলকাতা থেকে হেলিকপ্টারে গঙ্গাসাগর যাওয়ার পরিকল্পনা
আসন্ন ২০২৭ সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরমেলা অফিসে উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক তেওয়ারি-সহ প্রশাসন ও পুলিশের একাধিক পদস্থ আধিকারিক।

বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে হেলিকপ্টার পরিষেবার পরিকল্পনা। প্রশাসনিক সূত্রে খবর, কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাতায়াতের জন্য ৮ থেকে ১০টি হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
তবে এই পরিষেবা বিনামূল্যে হবে না। পুণ্যার্থীদের নিজেদের খরচে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে হেলিকপ্টারে যাতায়াত করতে হবে। হেলিকপ্টারের ভাড়া এবং বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
হোগলা পাতার ছাউনির বদলে আধুনিক যাত্রীনিবাস
শুধু আকাশপথে যাতায়াত নয়, গঙ্গাসাগর মেলার পরিকাঠামোতেও বড়সড় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতদিন মেলায় হোগলা পাতার ছাউনির যে পরিচিত ছবি দেখা যেত, তার পরিবর্তে কুম্ভমেলার আদলে আধুনিক যাত্রীনিবাস ও উন্নত থাকার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বাড়ানো হবে জলপথ ও সড়কপথের পরিষেবা

লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সামাল দিতে জলপথ ও সড়কপথে আরও বেশি যানবাহনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, জানুয়ারি মাসের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা মেলার প্রস্তুতির কাজে মাঠে নেমে পড়বেন।
সব মিলিয়ে ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা কি এবার কুম্ভমেলার আদলে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে? কলকাতা থেকে হেলিকপ্টারে গঙ্গাসাগর যাওয়ার পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর পুণ্যার্থী ও পর্যটকদের।