Republic Day 2026 : কর্তব্য পথে রাষ্ট্রপতির নেতৃত্বে শক্তি ও ঐক্যের প্রদর্শন—৭৭তম প্রজাতন্ত্র দিবসে সামরিক কুচকাওয়াজ ও বন্দেমাতরমের ১৫০ বছর উদযাপন।

নয়া দিল্লি : ৭৭তম প্রজাতন্ত্র দিবসে গোটা দেশের নজর থাকবে দিল্লির কর্তব্য পথে। সোমবার সকালে সেখানে আয়োজিত হবে বর্ণাঢ্য প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনে একদিকে যেমন ভারতের সামরিক শক্তির প্রদর্শন হবে, তেমনই দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি ধরা পড়বে। দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে কর্তব্য পথ হয়ে উঠবে জাতীয় গৌরবের প্রতীক।
এ বছর প্রজাতন্ত্র দিবসের বিশেষ আকর্ষণ জাতীয় গান ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি। বন্দেমাতরমের সার্ধশতবর্ষ উদযাপনের পাশাপাশি আত্মনির্ভর ভারতের অগ্রগতি, সামরিক ক্ষমতা, উন্নয়নযাত্রা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য প্রদর্শনী দেখা যাবে কর্তব্য পথে।
৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবছর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। তাঁদের উপস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কূটনৈতিক গুরুত্বকেও তুলে ধরবে।
আরো পড়ুন : দু’দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন ইচ্ছে গাঁও সিকিমের অফবিট ট্রাভেল গাইড
রাষ্ট্রপতি ভবন থেকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত বিস্তৃত কর্তব্য পথকে সাজানো হয়েছে বিশেষ আলোকসজ্জা ও শিল্পকর্মে। এই পথে একসঙ্গে ফুটে উঠবে বন্দেমাতরমের ১৫০ বছরের ঐতিহ্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ।
সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান, যা প্রায় ৯০ মিনিট ধরে চলবে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহিদদের শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা কর্তব্য পথের স্যালুটিং ডায়াসে উপস্থিত হবেন।
রাষ্ট্রপতি, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ঐতিহ্যবাহী ‘ট্র্যাডিশনাল বাগি’-তে করে কর্তব্য পথে পৌঁছবেন। তাঁদের এসকর্ট করবে ভারতের প্রাচীনতম রেজিমেন্ট প্রেসিডেন্টস বডিগার্ড।
প্যারেডের শুরুতেই ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ থিমে ১০০ জন সাংস্কৃতিক শিল্পী বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐক্য তুলে ধরবেন। এরপর চারটি Mi-17 1V হেলিকপ্টার থেকে কর্তব্য পথে ফুলের পাপড়ি বর্ষণ করা হবে।
কুচকাওয়াজে অংশ নেবেন দেশের সর্বোচ্চ বীরত্ব পুরস্কারপ্রাপ্ত পরম বীর চক্র ও অশোক চক্র বিজয়ীরা। এরপর শুরু হবে ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শন। এই প্রথমবার ফেজড ব্যাটল অ্যারে ফরম্যাটে সেনাবাহিনীর ক্ষমতা তুলে ধরা হবে। পাশাপাশি অপারেশন ‘সিন্দুর’-এর প্রতীকী চিত্রের মাধ্যমে যৌথ বাহিনীর শক্তির প্রদর্শন হবে।
ভারতীয় নৌবাহিনীর ট্যাবলোতে ‘শক্তিশালী ভারতের জন্য শক্তিশালী নৌবাহিনী’ থিমে প্রাচীন সমুদ্রযান থেকে শুরু করে INS বিক্রান্ত, স্টেলথ ফ্রিগেট, সাবমেরিন এবং কমিউনিকেশন স্যাটেলাইটের মডেল প্রদর্শিত হবে। আকাশে নজর কাড়বে ভারতীয় বায়ুসেনার রাফাল, সুখোই-৩০, মিগ-২৯ ও জাগুয়ার বিমানের ফ্লাই-পাস্ট।
এবারের প্যারেডে নারীশক্তির ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হবে। সব-মহিলা ভারতীয় কোস্ট গার্ড কন্টিনজেন্ট, বিভিন্ন আধাসামরিক বাহিনী, দিল্লি পুলিশ, এনসিসি ক্যাডেট এবং MY BHARAT স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন।
কর্তব্য পথে মোট ৩০টি ট্যাবলো প্রদর্শিত হবে। বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রকের ট্যাবলোর মধ্যে এ বছর পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম ‘ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলা’।
প্যারেডের শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন, আকাশে বেলুন ও ‘বন্দেমাতরম’ লেখা ব্যানার উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।